বাংলা হান্ট ডেস্ক : জাতিগত শংসাপত্রের (Caste Certificate) আবেদন করতে গিয়ে বহু মানুষকে যে সমস্যার মুখে পড়তে হচ্ছিল, তা দূর করতে এবার আরও একবার অবস্থান স্পষ্ট করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। কয়েক দশক আগের জমির কাগজপত্র নেই বলে যাঁরা শংসাপত্র পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাঁদের কাছে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় স্বস্তির। বিশেষ করে SC, ST ও OBC সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
কাস্ট সার্টিফিকেট নিয়ে কী নির্দেশ সরকারের (West Bengal Government)?
জমির পুরনো নথি হারিয়ে যাওয়া বা সংরক্ষিত না থাকা নতুন কোনও ঘটনা নয়। বহু পরিবারের কাছেই পূর্বপুরুষদের সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র আজ আর খুঁজে পাওয়া যায় না। অথচ অভিযোগ উঠছিল, রাজ্যের কয়েকটি জেলায় জাতিগত শংসাপত্রের আবেদন জমা দেওয়ার পর এমন পুরনো দলিল দেখানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। শুধু নতুন সার্টিফিকেট তৈরিই নয়, আগে থেকে থাকা শংসাপত্রের সত্যতা যাচাইয়ের সময়ও একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল আবেদনকারীদের। ফলে প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে প্রশাসনিক জটিলতায় আটকে যাচ্ছিলেন।

রাজ্যের নির্দেশ অনুযায়ী, কাস্ট সার্টিফিকেট দেওয়া কিংবা আগে ইস্যু হওয়া শংসাপত্রের পুনরায় যাচাইয়ের জন্য ১৯৫০ সালের আগের জমির দলিলকে অপরিহার্য প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। নির্দেশটি যাতে শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, তার জন্য জেলাশাসকদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। জেলার শংসাপত্র প্রদানকারী আধিকারিকরা যেন নির্ধারিত নিয়ম মেনেই কাজ করেন, তা নজরে রাখতে বলা হয়েছে। বিশেষত, কোনও যুক্তিসংগত কারণ ছাড়াই আবেদনকারীদের কাছে কয়েক দশক আগের জমির কাগজ চাওয়া যাবে না।
আরও পড়ুন : ২৬ নভেম্বর বিশেষ কর্মসূচি রাজ্যের সব স্কুলে, কী কী নির্দেশ দিল শিক্ষা দপ্তর?
এই নিয়মের ভিত্তি রয়েছে রাজ্য সরকারের আগের নির্দেশিকাতেও। সেখানে জেলা প্রশাসনকে জানানো হয়েছিল, SC, ST ও OBC শংসাপত্রের ক্ষেত্রে জাতিগত পরিচয় কিংবা বসবাসের প্রমাণ হিসেবে ১৯৫০ সালের আগের জমির দলিল জমা দিতে বাধ্য করা যাবে না। ওই নির্দেশনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কোনও আবেদনকারীর কাছে প্রয়োজনীয় পুরনো নথি না থাকলেই তাঁর আবেদন বাতিল করে দেওয়া যাবে না।
বরং সংশ্লিষ্ট আধিকারিকরা নিজেদের উদ্যোগে অনুসন্ধান চালাতে পারেন। প্রয়োজনে আবেদনকারীকে শুনানিতে ডেকে তাঁর বক্তব্য ও অন্যান্য তথ্য যাচাই করে শংসাপত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগও রয়েছে। এবার নতুন করে সরকারি নির্দেশের বিষয়টি সামনে আসায় জাতিগত শংসাপত্র নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি কাটার আশা তৈরি হয়েছে।












