বাংলা হান্ট ডেস্ক : নিজেদের সম্পত্তি সন্তানের সাথে ভাগ করে থাকতে বাধ্য নন বাবা-মায়েরা। এই প্রসঙ্গেই গুরুত্বপূর্ণ অবস্থান জানাল দিল্লি হাইকোর্ট (High Court)। আদালতের মতে, সন্তানদের সঙ্গে একই ছাদের নীচে বসবাস করতে কোনও প্রবীণ নাগরিককে জোর করা যায় না। সম্পর্কের অবনতি হলে নিজের বাড়িতে আলাদা থাকার সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁদের রয়েছে।
ঠিক কী বলেছে হাইকোর্ট (High Court)?
দিল্লির এক ৮৫ বছর বয়সি ব্যক্তির দায়ের করা মামলার সূত্রেই উঠে এসেছে এই বিষয়। নিজের সম্পত্তিতে বসবাসের অধিকার ফিরে পেতে বড় ছেলে ও পুত্রবধূকে বাড়ি থেকে সরানোর আবেদন করেছিলেন তিনি। মামলাটি বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে উঠলে প্রবীণ নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা ও মর্যাদার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বিচারপতি বলেন, “৮৫ বছর বয়সে আবেদনকারী নিজের বাড়িতে শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাস করার অধিকার রয়েছে।”

আদালতে বৃদ্ধের বক্তব্য, সংশ্লিষ্ট বাড়িটির মালিক তিনি নিজেই। ১৯৮০ সালে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA) থেকে সম্পত্তিটি পাওয়ার পর ২০০০ সালে সেটিকে ফ্রিহোল্ড করিয়েছিলেন। ২০০৩ সালে বিয়ের পর বড় ছেলে ও পুত্রবধূ ওই বাড়িতে থাকতে শুরু করেন। কিন্তু সময়ের সঙ্গে তাঁদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে বলে অভিযোগ। বৃদ্ধের দাবি, বাড়ি ছেড়ে অন্যত্র থাকার ব্যবস্থা করতে বললেও ছেলে ও পুত্রবধূ তাতে সম্মত হননি। উল্টে তাঁদের আচরণে বাড়ির পরিবেশ ক্রমশ অশান্ত হয়ে ওঠে। তাঁকে মানসিকভাবে হেনস্থা করার পাশাপাশি আর্থিক সহায়তাও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ২০২০ সালের নভেম্বরে স্ত্রীর মৃত্যুর পর পরিস্থিতি আরও খারাপ হয়। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁকে হুমকি দেওয়া এবং ছোট ছেলেকে মারধরের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন : চর্চার মাঝেই ফের ৮% DA বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যে! সরকারি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী নিজে
নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য ২০০৭ সালের Maintenance and Welfare of Parents and Senior Citizens Act-এর অধীনে বাড়ি খালি করানোর আবেদন জানান ওই ব্যক্তি। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট তাঁর আবেদন গ্রহণ করেননি। প্রশাসনের বক্তব্য ছিল, পরিবারের বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ মেলেনি। বিষয়টিকে মূলত পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি ও ব্যবসা সংক্রান্ত বিরোধ হিসেবেও বিবেচনা করা হয়েছিল।পরবর্তী সময়ে ডিভিশনাল কমিশনারের কাছেও আবেদন জানিয়ে কোনও লাভ হয়নি। অন্যদিকে, বড় ছেলের আইনজীবীর দাবি ছিল, বাবার সঙ্গে তাঁদের বিরোধের নেপথ্যে রয়েছে ব্যবসায়িক সমস্যা। তাঁদের বক্তব্য, তাঁরা বৃদ্ধের দেখাশোনা করেছেন এবং মাসে ১৫ হাজার টাকা ভরণপোষণ দেওয়ার প্রস্তাবও রেখেছিলেন।
দুই পক্ষের বক্তব্য এবং মামলার নথি পর্যালোচনা করে হাইকোর্ট জানায়, কোনও প্রবীণ নাগরিককে নিজের সম্পত্তিতে সন্তানদের সঙ্গে থাকতে বাধ্য করা যায় না। সম্পত্তি থেকে সন্তানদের সরানোর জন্য প্রতিটি ক্ষেত্রে শারীরিক নির্যাতন, দুর্ব্যবহার কিংবা ভরণপোষণ না পাওয়ার নির্দিষ্ট প্রমাণ দেখাতেই হবে, এমন নিয়ম নেই।আদালতের মতে, প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, সম্মান এবং শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকার নিশ্চিত করাও আইনের অন্যতম উদ্দেশ্য। তাই নিজের বাড়িতে স্বস্তিতে থাকার জন্য সম্পত্তির উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রয়োজনীয়তাকেও গুরুত্ব দিতে হবে।
বিচারপতি আরও জানান, বাড়ির ভিতরে পরিবারের সদস্যদের মধ্যে যে ধরনের হেনস্থা বা দুর্ব্যবহার ঘটে, তার প্রত্যক্ষ সাক্ষী কিংবা স্বাধীন প্রমাণ সবসময় পাওয়া সম্ভব নয়। সেই কারণে এই আইনের অধীনে হওয়া সংক্ষিপ্ত শুনানিতে দেওয়ানি বা ফৌজদারি মামলার মতো কঠোর প্রমাণের শর্ত আরোপ করা উচিত নয়। এরপরই জেলা ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল কমিশনারের আগের নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্ট। উল্লেখ্য, বড় ছেলে এবং পুত্রবধূকে চার সপ্তাহের মধ্যে বাড়িটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ কার্যকর করতে কোনও বাধা তৈরি হলে সংশ্লিষ্ট এলাকার থানার SHO-কে প্রয়োজনীয় পুলিশি সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।সন্তানদের প্রতি বাবা-মায়ের দায়িত্ব যেমন রয়েছে, তেমনই প্রাপ্তবয়স্ক সন্তানদেরও তাঁদের বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল আচরণ করা উচিত।












