‘ভয় দেখিয়ে, ভুল বুঝিয়ে হলফনামায় সই’! মমতা তৃণমূলের বিরুদ্ধে থানায় FIR ঋত শিবিরের

Published on:

Published on:

Ritabrata TMC FIR against Mamata TMC in Kalighat Police Station

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (TMC) দুই শিবিরের মধ্যে নাম-প্রতীক নিয়ে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই এই জল থানা অবধি গড়িয়েছে। রবিবার ঋতব্রত শিবিরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগ তুলে কালীঘাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মমতা তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। এবার মমতা শিবিরের বিরুদ্ধে মিথ্যা মামলায় বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে থানায় গেলেন ঋতব্রতরা (Ritabrata Banerjee)।

মমতা তৃণমূলের বিরুদ্ধে এফআইআর ঋতব্রত শিবিরের | (TMC)

সোমবার মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কালীঘাট থানায় এফআইআর দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর থানার বাইরে দাঁড়িয়েই বেশ কিছু বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ঋতব্রতর দাবি, অন্নপূর্ণা যোজনায় নাম উঠবে বলে ছবি, নথি নিয়ে কমিশনে ভুয়ো হলফনামা দাখিল করেছে মমতা শিবির।

TMC

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট আস্ত নাট্য কোম্পানিতে পরিণত হয়েছে। শীত আসছে বলে রোজ একেক রকম নতুন পালা নিয়ে আসছে।“

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের SIR মামলায় কমিশনকে জোড়া নির্দেশ! ট্রাইবুনালের সংখ্যা বাড়াতে বলল সুপ্রিম কোর্ট

এদিন মমতা তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিসকে ‘গোল্লা শুভাশিস’ বলে কটাক্ষ করে ঋতব্রত বলেন, “রীতিমতো ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে কালীঘাট তৃণমূল হলফনামায় সই করিয়েছে। এমনকি অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে বলে ছবি চেয়ে অনেককে দিয়ে সই করানো হয়েছে। বিধায়কদেরও ভুল বুঝিয়ে হলফনামায় সই করিয়ে কমিশনে তা দাখিল করা হয়েছিল। তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। সব থানায় এফআইআর হয়েছে।“

রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, কিছু কিছু জায়গায় ত্রিপল দেওয়ার নাম করে সই করানো হয়েছে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে কমিশনে কিছু অভিযোগ পাঠানো হয়েছে। বাকিগুলিও পৌঁছে দেওয়া হবে।

ঋত শিবিরের এই অভিযোগের প্রেক্ষিতে মমতা তৃণমূলপন্থী বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন এক সপ্তাহের মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে। চাটন ঋতরা এখন বিপাকে পড়ে নতুন নতুন অভিযোগ সামনে আনছে।“

অন্যদিকে গতকালই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছে মমতা তৃণমূল। অভিযোগ দায়ের করা হয়েছে নানুর থানার ওসি সঞ্জয় সরকার ও সাব ইনস্পেক্টর গোলক ঘোষের নামেও।

প্রায় চার পাতার অভিযোগপত্রে দাবি, কমিশনে জমা দেওয়া তথ্য ভুয়ো নোটারি বানিয়ে করা হয়েছে। ৫০ শতাংশ জায়গা ফাঁকা রেখেই হলফনামা জমা করা হয়েছে। শুভাশিসের দাবি, প্রথমে হলফনামা জমা করা হয়। তবে নোটারির অভাবে অন্য জায়গা থেকে তা করিয়ে এনে জমা দেওয়া হয়। এই বিষয়ক যাবতীয় তথ্য তাঁদের কাছে রয়েছে বলে জানিয়েছেন মমতা তৃণমূলের কোষাধ্যক্ষ।

অভিযোগপত্রে আরও দাবি, সম্পূর্ণ ঘটনার নেপথ্যে নানুর থানার দু’জন শীর্ষ আধিকারিকের পাশাপাশি বেশ কয়েকজন সিভিকও জড়িত। পুলিশ যাতে সম্পূর্ণ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে, তার আবেদন জানানো হয়েছে।

এরপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কালীঘাট থানার দ্বারস্থ হল ঋতব্রত শিবির। আগামীদিনে এই জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।