বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রায় প্রত্যেককেই ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। এদিকে, অনেককেই আবার কাজের সূত্রে ব্যবহার করতে হয় হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web)। তবে, এবার তাঁদের সতর্ক থাকতে হবে। মূলত, বর্তমান ডিজিটাল যুগে সাইবার হুমকি বহুগুণে বেড়েছে। তাই, সামান্যতম অসাবধানতাও সাইবার প্রতারণার কারণ হতে পারে। এই হুমকির পরিপ্রেক্ষিতে, স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) অধীনে কর্মরত ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (Indian Cyber Crime Coordination Centre) তথা I4C হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। জানিয়ে রাখি যে, আজকাল মঅফিসের কাজ থেকে শুরু করে জরুরি বার্তা পাঠানো পর্যন্ত সবকিছুর জন্য অনেকেই তাঁদের কম্পিউটার ও ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে। এদিকে, অনেকে আবার অন্য কারো কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ ইন করেন অথবা তাঁদের অফিসের সিস্টেমে এটি খোলা রেখে দেন। এই অবহেলা মারাত্মক হতে পারে। কারণ, এটি সম্পর্কে I4C একটি সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে যে, সিস্টেমে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন সেশন খোলা রাখলে তার অপব্যবহার হতে পারে এবং এর মাধ্যমে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে আপনার অনুমতি ছাড়াই প্রবেশাধিকার পেতে পারে।
WhatsApp Web ব্যবহারকারীরা এখন সতর্ক!
হোয়াটসঅ্যাপ ওয়েবের সঙ্গে কী বিপদ জড়িত: উল্লেখ্য যে, I4C-র ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট (NCTAU)-এর মতে, হোয়াটসঅ্যাপ ওয়েবের আগে থেকে লগ করা সেশন সাইবার অপরাধীদের জন্য সুযোগ হয়ে দাঁড়াতে পারে। অন্য কেউ এই সেশনে প্রবেশাধিকার পেলে, তারা আপনার অ্যাকাউন্ট থেকে বার্তা পড়তে এবং যে কাউকে বার্তা পাঠাতে পারবে। শুধু তাই নয়, তারা আপনার পরিচয় ব্যবহার করে আপনার বন্ধু, আত্মীয় বা অন্য কারোর কাছ থেকে টাকা চাইতে পারে। এভাবে তারা আপনার নামে অন্যদের কাছে প্রতারণা করতে পারে।

আপনার অ্যাকাউন্টে এই লক্ষণগুলি দেখলে সতর্ক হন: যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এমন মেসেজ পাঠানো হয় যা আপনি পাঠাননি, অথবা আপনার পরিচিতরা আপনার কাছ থেকে অদ্ভুত উত্তর পান, সেক্ষেত্রে এটিকে উপেক্ষা করবেন না। এটি আপনার অ্যাকাউন্টের অপব্যবহারের একটি লক্ষণ হতে পারে। I4C হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের অফিসের কম্পিউটারে, বিশেষ করে যেখানে সংবেদনশীল তথ্য সংরক্ষিত থাকে, সেখানে এটি ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এর আগে গত অগাস্টেও I4C হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো সন্দেহজনক ফাইল সম্পর্কে একটি সতর্কতা জারি করেছিল।
আরও পড়ুন: কোথাও বন্যা, কোথাও ভয়াবহ ভূমিধস! ভারতে কতটা প্রভাব ফেলবে সুপার এল নিনো? জানুন চাঞ্চল্যকর রিপোর্ট
কী করা প্রয়োজন: জানিয়ে রাখি যে, স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের কোনও অপরিচিত ব্যক্তির সিস্টেমে (যেমন সাইবার ক্যাফে বা হোটেল বিজনেস সেন্টারে) হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিশেষ করে, সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে শেয়ার করা উচিত নয়। যদি কোনও কারণে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতেই হয়, তবে একটি বিশ্বস্ত সিস্টেমে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করা উচিত। কাজটি সম্পন্ন হওয়ার পর অবিলম্বে অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দিতে হবে।
আরও পড়ুন: ভোল পাল্টে যাবে সিঙ্গুরের! হবে Ashok Leyland-এর ট্রাক তৈরির কারখানা, সামনে এল বড় আপডেট
শুধু ট্যাব বন্ধ করাই যথেষ্ট নয়: এই সতর্কবার্তায়, I4C আরও একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে। অনেকেই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করার পর শুধু ব্রাউজার উইন্ডো বা ট্যাবটি বন্ধ করে দেন। অর্থাৎ, লগ আউট করবে না। তবে, এবার সতর্কতার কারণে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ আউট করার বিষয়টি ভুললে চলবে না। এছাড়াও, আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সিকিউরিটি সফটওয়্যার আপডেট রাখুন। পাশাপাশি, অজানা ফাইল, সন্দেহজনক ডাউনলোড এবং ক্র্যাকড সফটওয়্যার থেকে দূরে থাকুন।












