হকারদের জীবন-জীবিকার সুরক্ষায় বড় পদক্ষেপ! কেন্দ্রীয় হকার আইন চালুর দাবিতে অগ্নিমিত্রাকে স্মারকলিপি

Published on:

Published on:

Agnimitra Paul receives memo regarding implementation of Central Hawker Act

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক মাস আগে হকার উচ্ছেদ নিয়ে রাজ্যে তোলপাড় হয়েছিল। সম্প্রতি হকারদের (Hawker) জীবন-জীবিকার সুরক্ষায় সরকারের পরিকল্পনা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এবার রাজ্য জুড়ে কেন্দ্রীয় হকার আইন চালুর দাবিতে তাঁর দফতরে স্মারকলিপি জমা করল হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি।

কেন্দ্রীয় হকার আইন চালুর দাবিতে অগ্নিমিত্রাকে স্মারকলিপি | (Agnimitra Paul)

মঙ্গলবার সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি অসিত সাহার স্বাক্ষরিত একটি স্মারকলিপি পুরমন্ত্রীর দফতরে জমা করা হয়েছে। তাঁদের অভিযোগ, ২০১৪ সালে কেন্দ্রীয় হকার আইন পাশ হয়েছে। তবে বিগত সরকারের আমলে রাজ্যে তা সঠিকভাবে রূপায়িত হয়নি।

Agnimitra Paul

স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে, দ্রুত রাজ্যের সকল পুর অঞ্চলে প্রভিশনাল টাউন ভেন্ডিং কমিটি তৈরি করে সমীক্ষা ও নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গড়ে তোলা হোক। কলকাতা পুরসভার অন্তর্গত সকল হকারদের অবিলম্বে সমীক্ষা করে রেজিস্ট্রেশন ও ভেন্ডিং সার্টিফিকেট দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ২৭ নভেম্বর রাজ্যের সব স্কুলে বিশেষ কর্মসূচি! বাল্যবিবাহ রোধে বড় উদ্যোগ সরকারের

হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির আরও দাবি, শিলিগুড়ি পুরসভার নিষ্ক্রিয় টাউন ভেন্ডিং কমিটির পুনর্গঠন হোক। পাশাপাশি বিধাননগর পুরসভায় কমিটি তৈরি ও সমীক্ষা এবং রাজারহাট নিউটাউনের কমিটিকে মান্যতা দিয়ে দ্রুত সমীক্ষা সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

এছাড়া দার্জিলিং পুরসভায় হকারদের পুনর্বাসনের জন্য ভবন তৈরি হচ্ছে। সেটির কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন। সেই সঙ্গেই রায়গঞ্জে কমিটি তৈরি করে শংসাপত্র দেওয়ার কথাও বলা হয়েছে।

হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির অভিযোগ, কেন্দ্রের পিএম স্বনিধির মাধ্যমে ঋণ প্রদানের ক্ষেত্রে রাজ্যে আশানুরূপ কাজ হচ্ছে না। এক্ষেত্রে সরাসরি অগ্নিমিত্রার হস্তক্ষেপ প্রার্থনা করেছেন তাঁরা। পাশাপাশি যেসব হকার খাবার বিক্রি করেন, তাঁদের জন্য ‘এফএসএসএআই’ প্রশিক্ষণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্ট সংগঠন জানায়, সম্প্রতি তাঁদের প্রতিনিধিদল নবান্নে পুরমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। সেই সময় মন্ত্রীর তরফে কেন্দ্রীয় হকার আইন ও রাজ্য বিধি নিয়ে আলোচনার আশ্বাস মিলেছিল। তাঁদের আশা, হকারদের সার্বিক উন্নয়নে শীঘ্রই তাঁদের সঙ্গে আরও একবার বৈঠকে বসবেন অগ্নিমিত্রা।

অন্যদিকে সম্প্রতি পুরমন্ত্রী জানিয়েছেন, হকারদের বিশেষ ই-কার্ট দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সেই কার্টের উপর সোলার প্যানেল থাকবে। সৌরশক্তি চালিত ইনডাকশনে রান্না করা যাবে। সংশ্লিষ্ট বিক্রেতার পেশা ও প্রয়োজনের ভিত্তিতে ই-কার্টগুলির কাস্টমাইজেশন সম্ভব। পাশাপাশি উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন সম্বন্ধে অগ্নিমিত্রা বলেন, টাউন ভেন্ডিং কমিটির তৈরি তালিকা ধরে এগোবে সরকার। এবার হকারদের জীবন-জীবিকার সুরক্ষায় ও রাজ্যে কেন্দ্রীয় হকার আইন চালুর দাবিতে তাঁকে স্মারকলিপি দেওয়া হল।