বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) জাতীয় সড়ক মানচিত্রে আগামী দিনে একাধিক বড় পরিবর্তন দেখা যেতে পারে। যোগাযোগ পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার কাজ জমি সংক্রান্ত জটিলতা এবং প্রশাসনিক কারণে দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। এবার সেই বাধা সরিয়ে নির্মাণের গতি বাড়াতে কেন্দ্রীয় স্তরে তৎপরতা শুরু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের নিয়ে পশ্চিমবঙ্গে আসছেন।
পশ্চিমবঙ্গের (West Bengal) সড়ক যোগাযোগের মেগা প্রকল্প
এই সফরের অন্যতম উদ্দেশ্য হল কোন প্রকল্প কতটা এগিয়েছে, কোথায় কাজ আটকে রয়েছে এবং দ্রুত নির্মাণ শেষ করতে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন, তা চিহ্নিত করা। উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তা থেকে দক্ষিণবঙ্গের সমতল এলাকার একাধিক করিডোর—সবকিছুর উপরেই নজর দেওয়া হবে। ইতিমধ্যেই জমি অধিগ্রহণের সমস্যা মেটানো, প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং নির্মাণ সংস্থাগুলির কাজের অগ্রগতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্যের অন্যতম বড় পরিকল্পনা হল খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত অর্থনৈতিক করিডোর। ভারতমালা প্রকল্পের অধীনে প্রায় ২৩০ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের গ্রিনফিল্ড রাস্তা তৈরি হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে শুরু হয়ে মুর্শিদাবাদের মোরগ্রাম পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পকে পাঁচটি ভাগে ভাগ করে নির্মাণ করা হচ্ছে। রাস্তা চালু হলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে যাতায়াতের সময় কমার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : হকারদের জীবন-জীবিকার সুরক্ষায় বড় পদক্ষেপ! কেন্দ্রীয় হকার আইন চালুর দাবিতে অগ্নিমিত্রাকে স্মারকলিপি
অন্যদিকে, কলকাতা-হাওড়া সংযোগকারী কোনা এক্সপ্রেসওয়ের যানজট কমাতে NH-117-এ ছয় লেনের এলিভেটেড করিডোর নির্মাণ করা হচ্ছে। বিশেষ করে কলকাতা বন্দরের সঙ্গে যুক্ত পণ্যবাহী গাড়ি এবং প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গের ক্ষেত্রে পাহাড়ি পথে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখাই বড় চ্যালেঞ্জ। সেবক থেকে সিকিম সীমান্ত পর্যন্ত NH-10-এর প্রায় ৬৬ কিলোমিটার রাস্তার রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব NHIDCL-এর হাতে যাওয়ার পর ধসপ্রবণ এলাকাগুলিতে কাজের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি, বাগরাকোট -লাভা-আলগাড়া হয়ে NH-717A-কে গ্যাংটকের বিকল্প যাতায়াতের পথ হিসেবে গড়ে তোলার উদ্যোগ চলছে।
পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামোয় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে। ঝাড়খণ্ড সীমান্ত থেকে পুরুলিয়া, বাঁকুড়া ও হুগলি হয়ে বাগনান সংলগ্ন এলাকায় পৌঁছনোর কথা এই গ্রিনফিল্ড রাস্তার। এটি বাস্তবায়িত হলে ঝাড়খণ্ডের সঙ্গে রাজ্যের যোগাযোগের পাশাপাশি দেশের অন্য অংশের সঙ্গে পণ্য পরিবহণও সহজ হতে পারে।
এ ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জাতীয় সড়ককে নতুন করে সাজানোর কাজ চলছে। NH-12-এর বারাসাত-বড়জাগুলি এবং কৃষ্ণনগর-বহরমপুর অংশে রাস্তা চওড়া করার পরিকল্পনা রয়েছে। NH-14-এ রানিগঞ্জ ও দুবরাজপুর বাইপাস নির্মাণের পাশাপাশি একাধিক রেলওয়ে ওভারব্রিজ তৈরির কাজও চলছে। সীমান্ত এলাকার যোগাযোগ উন্নত করতে NH-312-এর বসিরহাট-জঙ্গিপুর অংশ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে আটকে থাকা কাজগুলি গতি পেলে পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তনের পথ প্রশস্ত হবে।












