বাংলা হান্ট ডেস্ক : দুই দেশের সীমান্ত পেরিয়ে এবার একই ট্রেনে পৌঁছে যাওয়া যাবে রাম ও সীতার স্মৃতিবিজড়িত দুই প্রাচীন জনপদে। অযোধ্যা থেকে জনকপুর (Ayodhya Janakpur Train) যাওয়ার জন্য চালু হচ্ছে সরাসরি রেল যোগাযোগ। ভারত ও নেপালের মধ্যে এই নতুন পরিষেবা ধর্মীয় পর্যটনের পাশাপাশি দুই দেশের যোগাযোগ ব্যবস্থাতেও নতুন মাত্রা যোগ করতে চলেছে। অযোধ্যা ও জনকপুরের মধ্যে রেল চলাচলের আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। এবার যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে টিকিট বুকিং ।
এক ট্রেনেই অযোধ্যা থেকে সোজা জনকপুর (Ayodhya Janakpur Train)
নতুন এই পরিষেবায় অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে নেপালের জনকপুর ধাম পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। যাত্রার জন্য নির্ধারিত ট্রেনটির নাম সরযূ কমলা এক্সপ্রেস। অযোধ্যা থেকে জনকপুর পৌঁছতে প্রায় ৬০৪ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। রেল সূত্রে জানা গিয়েছে, পুরো সফর শেষ করতে সময় লাগবে প্রায় ১৯ ঘণ্টা। যাত্রাপথে গোরক্ষপুর, সীতামঢ়ি ও মধুবনীর মতো গুরুত্বপূর্ণ স্টেশন পড়বে। ফলে মাঝের বিভিন্ন এলাকার যাত্রীরাও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। পূর্ব মধ্য রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার সরস্বতী চন্দ্র জানিয়েছেন, ভারত-নেপাল প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার জন্য টিকিট সংরক্ষণ শুরু হয়েছে। তবে এই আন্তর্জাতিক রেলপথে ভ্রমণের অনুমতি থাকছে কেবল ভারত ও নেপালের নাগরিকদের।

রেলের সূচি অনুযায়ী, প্রতি সপ্তাহের সোমবার অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে জনকপুরের উদ্দেশে ট্রেন ছাড়বে। আবার জনকপুর থেকে অযোধ্যায় ফেরার জন্য প্রতি শনিবার পরিষেবা পাওয়া যাবে। টিকিট কাটার ক্ষেত্রে ভারতীয় যাত্রীদের জন্য একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। আইআরসিটিসির ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনেই টিকিট বুক করা যাবে। যাঁরা অনলাইনে টিকিট কাটতে স্বচ্ছন্দ নন, তাঁরা দেশের বিভিন্ন রেলস্টেশনের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টারে গিয়ে টিকিট নিতে পারবেন। নেপালের নাগরিকদের জন্য আইআরসিটিসি ছাড়াও অনুমোদিত টিকিট এজেন্টদের মাধ্যমে বুকিংয়ের ব্যবস্থা থাকছে।
আরও পড়ুন : ৫০-৬০ হাজারে পৌঁছতে পারে রাজ্য সরকারি কর্মীদের বেসিক বেতন! সপ্তম পে কমিশন নিয়ে বড় আপডেট
এই ট্রেনে যাতায়াতের খরচ নির্ভর করবে যাত্রীর পছন্দের কামরার উপর। সবচেয়ে কম খরচে সফর করতে চাইলে স্লিপার ক্লাস বেছে নেওয়া যাবে। এই শ্রেণিতে টিকিটের দাম ৩৬৫ টাকা। এসি থ্রি টায়ার ইকোনমি কামরার জন্য ভাড়া ধার্য হয়েছে ৮৮৫ টাকা। সাধারণ এসি থ্রি টায়ারে যেতে খরচ হবে ৯৬৫ টাকা। আর এসি টু টায়ারের ক্ষেত্রে টিকিটের মূল্য ১,৩৬০ টাকা।
এই পরিষেবার ক্ষেত্রে নাগরিকত্বের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু ট্রেনটি ভারত থেকে নেপালে প্রবেশ করবে, তাই যাত্রীদের সঙ্গে বৈধ নাগরিকত্বের পরিচয়পত্র থাকা প্রয়োজন। স্টেশন কাউন্টার থেকে সংরক্ষণের সময়ও সেই নথি দেখাতে হবে। শুধুমাত্র ভারত ও নেপালের নাগরিকরাই এই ট্রেনে ওঠার অনুমতি পাবেন। এই ট্রেনে সাধারণ আরএসি টিকিট কিংবা তৎকাল ও প্রিমিয়াম তৎকাল সংরক্ষণের কোনও ব্যবস্থা রাখা হয়নি। তবে যাত্রীরা সফরের নির্ধারিত দিনের সর্বোচ্চ ৬০ দিন আগে পর্যন্ত অগ্রিম বুকিং করতে পারবেন।
রেলের প্রকাশিত সূচি অনুযায়ী, জনকপুর ধাম থেকে অযোধ্যা ক্যান্টনমেন্টের দিকে চলাচলকারী ১৫৫৯৫ নম্বর ট্রেনটি ২০২৬ সালের ২৮ নভেম্বর থেকে নিয়মিত পরিষেবা শুরু করবে। অন্যদিকে, অযোধ্যা থেকে জনকপুরের উদ্দেশে ১৫৫৯৬ নম্বর ফিরতি ট্রেনটি ৩০ নভেম্বর থেকে চলবে।এই দুই স্থানের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হওয়া ধর্মীয় দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ।












