সাংবাদিকদের পরিচয় নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি বাগচীর

Published on:

Published on:

Supreme Court makes significant remarks about identity of journalists

বাংলা হান্ট ডেস্ক : বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে কারা সাংবাদিক হিসেবে বিশেষ নিরাপত্তা পাওয়ার যোগ্য, তা নিয়ে এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুধুমাত্র নিজের পরিচয় সাংবাদিক বলে দাবি করলেই কি পুলিশি বাধা থেকে বিশেষ ছাড় মিলবে? নাকি তার জন্য প্রয়োজন সংবাদমাধ্যমের স্বীকৃতি কিংবা নির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ। দিল্লিতে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলন ঘিরে সাংবাদিকদের হেনস্থার অভিযোগের শুনানিতে এই বিষয়গুলি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে শীর্ষ আদালত।

সাংবাদিকদের নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)

বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণে উঠে এসেছে, পেশাদার সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের এক চোখে দেখার সুযোগ নেই। ঘটনার সূত্রপাত দিল্লির একটি বিক্ষোভকে কেন্দ্র করে। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলনের খবর করতে গিয়ে কয়েকজন সাংবাদিক সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ ওঠে। তাঁদের একাংশের দাবি, ঘটনাস্থলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। আবার দিল্লি পুলিশের পক্ষ থেকেও বিক্ষোভস্থলে উপস্থিত সংবাদকর্মীদের পরিচয়পত্র দেখানোর কথা বলা হয়। এই পরিস্থিতিতে সাংবাদিকদের কাজের স্বাধীনতা এবং পুলিশের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের সীমা নিয়ে প্রশ্ন ওঠে।

Supreme Court makes significant remarks about identity of journalists

কেরালা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস (KUWJ) এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয়। সংগঠনের আবেদনে সাতজন সাংবাদিকের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তাঁদের আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট পি ভি দীনেশ। মামলাটির শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “স্বঘোষিত সাংবাদিকরা স্বীকৃত সাংবাদিকদের মতো সুরক্ষা নাও পেতে পারেন।” শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সংবাদ সংগ্রহের কাজে যুক্ত থাকার দাবি করলেই কাউকে স্বীকৃত সাংবাদিক হিসেবে বিবেচনা করা যায় না। কোনও সংবাদপত্র বা প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত থাকা, প্রেস কাউন্সিলের স্বীকৃতি বা অ্যাক্রিডিটেশন থাকা কিংবা সংবাদপত্রের অধীনস্থ টেলিভিশন চ্যানেলে কাজ করার মতো বিষয়গুলি পরিচয় নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে। অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রেও নিবন্ধনের বিষয়টি বিবেচনায় আসতে পারে।

আরও পড়ুন : বাঁকুড়া থেকে উত্তরবঙ্গ অবধি সরাসরি বাস! SBSTC-র নতুন বাসের রুট ও সময়সূচি জানুন

এই পার্থক্য বোঝাতে বিচারপতি বাগচী আরও বলেন, “একজন সাংবাদিকের পরিচয় জানা জরুরি। তিনি কি প্রেস কাউন্সিলের অধীনে স্বীকৃত? নাকি কোনও সংবাদপত্র বা টিভি চ্যানেলে কর্মরত? নাকি সোশ্যাল মিডিয়ায় যাঁরা রিল তৈরি করছেন।”অর্থাৎ, পেশাদার সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও বা রিল তৈরি করেন এমন ব্যক্তিদের পরিচয় এক নয়। শুনানিতে শুধু পরিচয়ের প্রশ্ন নয়, আন্দোলনের সময় সাংবাদিকদের কাজ করার পরিসর নিয়েও আলোচনা হয়। আইনজীবীদের তরফে বলা হয়, কোনও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পুলিশ যখন জমায়েত সরিয়ে দেয়, তখন ঘটনাস্থলেই উপস্থিত প্রত্যেকের পরিচয় যাচাই করে সিদ্ধান্ত নেওয়া বাস্তবসম্মত নয়। ফলে পরিস্থিতি সামাল দেওয়ার সময় সাংবাদিকদের কাজের সুযোগ যাতে বাধাগ্রস্ত না হয়, সেটিও বিবেচনা করা প্রয়োজন।

বিচারপতি বাগচী অবশ্য এই ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেন। তাঁর মতে, সংবাদমাধ্যমের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই জনসমাগমের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সাংবাদিকদের কাজের অধিকার এবং পুলিশের দায়িত্ব—দুইয়ের মধ্যে সমন্বয় থাকা দরকার। আদালতে আলোচনার সময় বিচারপতি আরও বলেন, “আমরা প্রথমে খতিয়ে দেখব, কোনও জমায়েত বা বিক্ষোভের পরিস্থিতিতে একজন সাংবাদিক কতদূর পর্যন্ত যেতে পারেন। একজন সাংবাদিকের কোনও বিশেষ সুবিধা পাওয়ার কথা আছে কি না।” বিক্ষোভের সময় সংবাদকর্মীদের সঙ্গে পুলিশের আচরণ কেমন হবে, তা নির্দিষ্ট করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরির বিষয়টিও সামনে আসে। তবে বিচারপতির বক্তব্য, এমন কোনও নির্দেশিকা তৈরি হলেও তার সুবিধা কারা পাবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যক্তির সাংবাদিকতার পরিচয়ের উপর।