আর কোনও অপেক্ষা নয়! রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন তারিখ ঘোষণা কমিশনের

Published on:

Published on:

Election Commission announces new date for publishing final voter list

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা (Voter List) নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সম্পূর্ণ কর্মসূচি প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। খসড়া তালিকা প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত তালিকা হাতে পাওয়া—প্রতিটি ধাপের জন্য এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নতুন পরিকল্পনায় আগামী ১৫ ডিসেম্বর জানা যাবে কোন কোন নাম ভোটার তালিকায় রয়েছে। এরপর সাধারণ মানুষের অভিযোগ ও সংশোধনের আবেদন খতিয়ে দেখে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। তালিকায় কোনও ভুল থাকলে তা শুধরে নেওয়ার জন্য ভোটারদের সামনে নির্দিষ্ট সময় থাকছে

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন(Election Commission)

এই কর্মসূচি নিয়ে আগে থেকেই টানাপড়েন চলছিল। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পর্বের পরেই বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের কাজ শুরু হওয়ার কথা ছিল। প্রাথমিক পরিকল্পনায় ২৩ নভেম্বরকেই খসড়া তালিকা প্রকাশের দিন হিসেবে বেছে নিয়েছিল কমিশন। কিন্তু শেষ মুহূর্তে ‘অনিবার্য পরিস্থিতি’র কথা উল্লেখ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সেই কর্মসূচি পিছিয়ে দেয়। ফলে নতুন করে কবে তালিকা প্রকাশিত হবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এবার সংশোধিত সূচি সামনে আসায় সেই অপেক্ষার অবসান হল।

Election Commission announces new date for publishing final voter list

নতুন নির্দেশিকায় প্রথমেই ভোটকেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করার সময়সীমা জানানো হয়েছে। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। এরপর ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তালিকাটি প্রকাশের পরের দিন থেকেই ভোটারদের কাছে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ থাকবে। ২০২৭ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত নাম অন্তর্ভুক্তি, বাদ পড়া কিংবা তথ্যের ভুল নিয়ে দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে।

আরও পড়ুন : সাংবাদিকদের পরিচয় নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি বাগচীর

এই আবেদনগুলির নিষ্পত্তির জন্য কমিশন ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রেখেছে। সব অভিযোগ ও সংশোধনের বিষয় খতিয়ে দেখার পর ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ফলে খসড়া তালিকা প্রকাশের পর থেকে চূড়ান্ত তালিকা তৈরির মাঝের সময়টিই ভোটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। খসড়া তালিকা প্রকাশের পর শুধু নিজের নাম রয়েছে কি না, সেটুকু দেখলেই চলবে না। নামের বানান, ঠিকানা এবং পরিচয় সংক্রান্ত অন্যান্য বিবরণও মিলিয়ে নেওয়া প্রয়োজন।

কোনও তথ্য ভুল থাকলে কিংবা নাম বাদ পড়ে গেলে নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের কাছে আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। এই সুযোগ কাজে লাগিয়ে তালিকার ভুলভ্রান্তি সংশোধন করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে কমিশন জানিয়েছিল, যেসব ভোটারের নথিতে অসামঞ্জস্য ধরা পড়েছে, তাঁদের তথ্য সরেজমিনে যাচাই করতে হবে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে নথিপত্র ও পরিচয় সংক্রান্ত বিবরণ পরীক্ষা করবেন তাঁরা। যাচাইয়ের সময় কোনও গরমিল সামনে এলে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। কমিশনের লক্ষ্য, নতুন তালিকায় যাতে ভুল তথ্যের কারণে কোনও সমস্যা না থাকে।

কমিশনের যুক্তি, আধার কার্ড কিংবা প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্রে ভুল থাকলে তা সংশোধন করানো বাধ্যতামূলক। নাম, অভিভাবকের পরিচয়, জন্মতারিখ কিংবা ঠিকানার মতো তথ্য নির্ভুল রাখা প্রয়োজন। কিন্তু ভোটার কার্ডে ভুল থাকলেও অনেক ক্ষেত্রে তা সংশোধন না করেই ব্যবহার করা হয়। এই প্রবণতা বন্ধ করে ভোটার তালিকার তথ্য আরও নির্ভরযোগ্য করে তুলতে চাইছে কমিশন।

নতুন নির্দেশে বলা হয়েছে, ভোটারের নামের পাশাপাশি বাবা-মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি এবং অন্যান্য ব্যক্তিগত বিবরণেও নজর দিতে হবে। কোনও ভুল চোখে পড়লে তা যথাযথভাবে সংশোধন করতে হবে। তবে এই প্রক্রিয়ায় প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় শনাক্তকরণই শেষ কথা নয়। কমিশনের স্পষ্ট নির্দেশ, শুধুমাত্র ‘অটোমেটেড আইডেন্টিফিকেশন’-এর ফলাফলের ভিত্তিতে কারও ভোটার সংক্রান্ত তথ্য বদলানো যাবে না। সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর নেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরেই পরিবর্তন কার্যকর করা যাবে।