বাংলাহান্ট ডেস্ক: আমেরিকায় (America) কর্মরত বিদেশি কর্মীদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম (IBM)। সংস্থার কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে এইচ-১বি ওয়ার্ক ভিসা (H1B Visa) এবং গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু প্রবাসী কর্মী, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়। শুধু তাই নয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে সংশ্লিষ্ট কর্মীদের। অন্যথায় চাকরি ছাড়তে হতে পারে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আবহে আইবিএমের এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম (IBM)
সংস্থার এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন সেই সমস্ত কর্মী, যাঁরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করছেন এবং দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন। আইবিএমের কনসাল্টিং ব্যবসায় দেড় লক্ষেরও বেশি কর্মী কাজ করেন। তাঁদের মধ্যে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাও কম নয়। ভারতীয়দের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে ঠিক কতজন ভারতীয় কর্মী এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট নয় (IBM)।
আরও পড়ুন: পুতিনের সঙ্গে বৈঠক, তুললেন সেলফিও! চমকে দেবে ভারতের AI কিড অজুর পরিচয়
জানা গিয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের আমেরিকার বাইরে সংস্থার অন্য কোনও দেশে গিয়ে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা আগামী তিন সপ্তাহের মধ্যে আইবিএম কর্তৃপক্ষকে জানাতে হবে। কেউ এই বিকল্পে রাজি না হলে তাঁর চাকরি ছাড়ার পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতন দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের সংস্থা থেকে বিদায় জানানো হবে বলে জানা গিয়েছে।
কেন এমন সিদ্ধান্ত? আইবিএমের যুক্তি, বদলে যাওয়া ব্যবসায়িক পরিস্থিতি এবং দক্ষ কর্মীর সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, আগে আমেরিকায় উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের নিয়োগের জন্য এইচ-১বি ভিসার উপর নির্ভর করতে হত। কিন্তু গত কয়েক বছরে সেই চাহিদা অনেকটাই কমেছে। গ্রাহকদের প্রয়োজন এবং কর্মীদের দক্ষতার সহজলভ্যতা বদলানোর কারণেই কনসাল্টিং বিভাগের অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইবিএমের সব বিভাগে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বকেয়া DA মিটলে এককালীন ৩.৪ লাখ টাকা! কীভাবে হিসাব করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য
যদিও ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এর পিছনে আমেরিকার বদলে যাওয়া অভিবাসন নীতির প্রভাবও থাকতে পারে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ড সংক্রান্ত নিয়মে একাধিক কড়াকড়ি করেছে। বিদেশি কর্মীদের নিয়োগ নিয়ে মার্কিন সরকারের অবস্থানও ক্রমশ কঠোর হচ্ছে। ফলে আইবিএমের (IBM) এই সিদ্ধান্তে আমেরিকায় কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সংস্থার তরফে এই পদক্ষেপকে সরাসরি মার্কিন সরকারের নীতির সঙ্গে যুক্ত করা হয়নি।












