বাংলা হান্ট ডেস্কঃ নেপালে হড়পা বানের পর থেকে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ তথা শুভ্রাংশু রায়ের (Subhranshu Roy) স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায় (Sarmistha Roy)। ইতিমধ্যেই এই বিপর্যয়ে নিখোঁজ ২১৩ জনের তালিকা প্রকাশ করেছে নেপাল সরকার। তাঁদের মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে নাম রয়েছে শর্মিষ্ঠারও। এবার এই প্রক্রিয়ার পদ্ধতি নিয়েই বড় প্রশ্ন তুললেন শুভ্রাংশু।
গোটা প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে শুভ্রাংশুর প্রশ্ন | (Subhranshu Roy)
সম্প্রতি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের তরফে নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২১৩ জনের তালিকা প্রকাশ করা হয়। সেখানে ১৭৮ নম্বরে শর্মিষ্ঠার নাম রয়েছে। পরিবারের তরফে তালিকা নিয়ে কোনও আপত্তি থাকলে আগামী ২ ডিসেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। পরিবারের বক্তব্য শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নেপাল সরকার।

এই আবহে শুভ্রাংশুর প্রশ্ন, কীভাবে এত দ্রুত তালিকা প্রকাশ করল নেপাল সরকার? নিখোঁজ ব্যক্তিদের মৃত বলে ধরে নিয়ে এত তাড়াতাড়ি কেন পরিবারের কাছে তালিকা পাঠানো হচ্ছে? তালিকা নিয়ে কোনও আপত্তি থাকলে আগামী ২ ডিসেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে নেপাল দূতাবাসে ই-মেল করেছেন মুকুল পুত্র।
আরও পড়ুনঃ ‘প্রতিহিংসাপরায়ণ রাজনীতি’! তপসিয়ার তৃণমূল ভবনে পুলিশি ব্যারিকেড বসতেই বিস্ফোরক মমতাপন্থীরা
শুভ্রাংশুর বক্তব্য, নেপাল বিপর্যয়ে নিখোঁজদের শেষ অবস্থানের কোনও সিসিটিভি ফুটেজ এখনও সামনে আসেনি। তাঁদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তাঁরা যে গাড়ি করে গিয়েছিলেন, সেটিরও কোনও হদিশ মেলেনি। তাহলে কীসের উপর ভিত্তি করে এত দ্রুত তালিকা প্রকাশ করা হচ্ছে?
মুকুল পুত্রের অভিযোগ, নেপালের পর্যটন ব্যবসা ও কিছু পর্যটন সংস্থার ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। সেই কারণেই কি নেপাল সরকার বিষয়টি নিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছে? প্রশ্ন তুলেছেন তিনি। সম্পূর্ণ ঘটনায় স্বচ্ছ তদন্ত করে নিখোঁজদের প্রকৃত অবস্থানের তথ্যের দাবি জানিয়েছেন শুভ্রাংশু।
নেপাল বিপর্যয়ের পর শর্মিষ্ঠা নিখোঁজ হয়েছেন প্রায় তিন মাস হয়ে গিয়েছে। তবে এখনও আশা ছাড়েননি স্বামী শুভ্রাংশু। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁর সন্ধান জানতে চান মুকুল পুত্র। এবার নেপাল সরকারের তরফে শর্মিষ্ঠা সহ ২১৩ জন নিখোঁজকে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু হতেই একাধিক প্রশ্ন তুললেন তিনি।












