ভর্তুকিতে মিলবে ২০ কোটির চাষের যন্ত্রপাতি! রাজ্যের উদ্যোগে লটারি সাড়ে ৩ হাজার কৃষকের

Published on:

Published on:

Government of West Bengal Farm Mechanization Scheme beneficiary list finalized

বাংলা হান্ট ডেস্কঃ চাষের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি কেনায় কৃষকদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। গত ৬ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে এক মাস ধরে চলেছে। এবার রাজ্যের এই উদ্যোগের মাধ্যমে জেলার প্রায় সাড়ে তিন হাজার কৃষক উপকৃত হতে চলেছেন। তাঁদের ভর্তুকিতে ২০ কোটির চাষের যন্ত্র দেওয়া হবে।

কৃষকদের কল্যাণে বড় উদ্যোগ রাজ্যের | (Government of West Bengal)

মালদহ জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, কৃষিকাজে ব্যবহৃত একেবারে ছোট যন্ত্রাংশ থেকে কম্বাইন হারভেস্টর বা ট্রাক্টরের মতো ভারী যন্ত্র সবকিছু ভর্তুকিতে পাবেন কৃষকরা। পাশাপাশি এখন সময় বাঁচাতে ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে কীটনাশক বা সার প্রয়োগ করা হয়। সেই ড্রোন কিনতেও ভর্তুকি দেওয়া হবে বলে জানান মালদহের উপ কৃষি অধিকর্তা বিদ্যুৎ কুমার বর্মন।

Government of West Bengal

জেলা কৃষি দফতর সূত্রে আরও খবর, ফার্ম মেকানাইজেশন স্কিমের (Farm Mechanization Scheme) মাধ্যমে চারটি ভাগে কৃষকদের কৃষিযন্ত্র কেনায় ভর্তুকি দেওয়া হবে। যেসব কৃষক অনলাইনে আবেদনের সঙ্গে অফলাইনে নথিপত্র জমা করেছিলেন, তাঁদের মধ্যে থেকে লটারির মাধ্যমে উপভোক্তা বাছাই করা হয়ে গিয়েছে। এখন শুধু রাজ্যের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

আরও পড়ুনঃ সংসদের অধিবেশনের আগেই ‘থ্রি লাইন হুইপ’! দলের সাংসদদের জন্য বড় বার্তা অভিষেকের

জেলার এক কৃষি আধিকারিক জানান, ফার্ম মেকানাইজেশন হাবে ৫৫ জন কৃষককে ভর্তুকিতে চাষের যন্ত্রপাতি দেওয়া হবে। এক্ষেত্রে ৮০ শতাংশ ভর্তুকি পাওয়া যাবে। কাস্টম হায়ারিং সেন্টারে ২৫ জন ভর্তুকিতে কৃষিযন্ত্র পাবেন। এক্ষেত্রে ৪০ শতাংশ ভর্তুকি পাওয়া যাবে।

ভর্তুকিতে কৃষিযন্ত্র পেতে কোনও কৃষক ব্যক্তিগতভাবে আবার কয়েকজনের সঙ্গে মিলে যৌথভাবে আবেদন করতে পারেন। দুইভাবেই আবেদন করা যাবে।

রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আগেই প্রকল্পের খুঁটিনাটি জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্পে সর্বাধিক ২ লক্ষ টাকা অবধি লোনের সুযোগ থাকবে। সেই সঙ্গেই চাষের কাজে ব্যবহৃত নানা যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ অবধি ভর্তুকি দেবে রাজ্য। মোট ৪০৭ কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে।

ইতিমধ্যে এই প্রকল্পের কাজ অনেকদূর এগিয়েছে। পূর্ব ঘোষণা মতো লটারির মাধ্যমে উপভোক্তা বাছাই সম্পন্ন হয়েছে। আপাতত রাজ্যের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।