বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের সমাবেশ আয়োজিত হয়েছিল। সেখান থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার সন্ধ্যার ক্যামাক স্ট্রিটের হোর্ডিং কাণ্ড নিয়েও সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
টিএমসিপির কর্মসূচি থেকে সুর চড়ালেন অভিষেক | (Abhishek Banerjee)
এদিন প্রতিপক্ষ রাজনীতি ও সমাজমাধ্যমে ছড়ানো ভুয়ো প্রচারকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, “আপনাদের মধ্যে অনেকেই অনেক খবর দেখছেন। তবে যতদিন না আমার মৃতদেহ ও তার উপর জোড়াফুলের পতাকা দেখছেন, কোনও কথা বিশ্বাস করবেন না। জব তক ম্যায় মরা নেহি, তব তক ম্যায় হারা নেহি।“
আরও পড়ুনঃ ‘নিজে বই লিখি, চাইলে গোটা লাইব্রেরি করতে পারি’! বিধানসভার বই ‘চুরি’ ইস্যুতে বিস্ফোরক মমতা
গতকাল সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটের কার্যালয় থেকে হোর্ডিং খুলে ফেলার ঘটনা নিয়েও এদিন সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ততটাই অত্যাচার করুন, যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন।“
পাশাপাশি অভিষেক স্পষ্ট করে দেন, ইডি, সিবিআই, সিআইডি, রাজ্য পুলিশ ও এসটিএফকে একসঙ্গে নামালেও তৃণমূল মাথা নত করবে না। বিজেপির শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে তিনি চ্যালেঞ্জ করে বলেন, “বুকের পাটা থাকলে আগে ছাত্র-যুবদের মুখোমুখি দাঁড়িয়ে লড়ে দেখান।“

এদিন তৃণমূল সরকার ও বিজেপি সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের তুলনাও টেনে আনেন অভিষেক। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল ইঞ্জিন সরকার রাজ্যের আড়াই কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। এদিকে বর্তমান ডাবল ইঞ্জিন সরকার দেড় কোটি মহিলাকেও এই সুবিধা দিতে পারছে না। ২০১৬ সালের বাজেটে রাজ্যের ৮০ লাখ যুবকে দেড় হাজার টাকা করে যুবশ্রী দেওয়া হলেও বর্তমান রাজ্য সরকার ৭৫ লাখ যুবশ্রী প্রাপক ও ১ কোটি মহিলাকে তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিষেকের পাশাপাশি এদিনের কর্মসূচি থেকে বিজেপিকে নিশানা করেন মমতাও। তিনি দাবি করেন, বাংলায় ফের একটা পরিবর্তন আসবে। আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল। বিজেপির লোকেরাই বিজেপিকে জবাব দেবে।













