বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচারে এবার নিজেই পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ১৫ বছরের কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বুধবার একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে চলেছেন তিনি। সেই কর্মসূচির মধ্যেই রয়েছে ভবানীপুরে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ি সফর এবং নন্দনে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনে উপস্থিতি।
পাঁচালি হাতে নিজেই পথে নামছেন অভিষেক (Abhishek Banerjee)
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্য এবং জেলা স্তরে বিশিষ্ট ব্যক্তিদের কাছে সেই পাঁচালি পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। এই কর্মসূচিকে আরও জোরদার করতে বুধবার পাঁচালি হাতে নিজেই পথে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ক্যামাক স্ট্রিট সূত্রে খবর, বুধবার বিকেল প্রায় ৪টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে যাবেন ভবানীপুরে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে। সূত্রের খবর, ওই সময় সেখানে উপস্থিত থাকতে পারেন তাঁর কন্যা তথা জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী, প্রযোজক নিসপাল সিংহ রানে।
রঞ্জিত মল্লিকের বাড়ি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই ভবানীপুরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। ঘটনাচক্রে, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee) বাস্তস্থান ভবানীপুর এলাকাতেই। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই কর্মসূচির মাধ্যমে ‘উন্নয়নের পাঁচালি’ প্রচারে একেবারে ভিন্ন মোড়ক দিতে চাইছে তৃণমূল। দলীয় সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রচারকে মাটিতে নামিয়ে আনার কড়া বার্তা দিয়েছিলেন। বুধবার নিজে রাস্তায় নেমে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে সেই বার্তাই দিতে চাইছেন ‘আমি তোমাদেরই লোক’।
সূত্রের খবর, মল্লিক বাড়ির অনুষ্ঠান শেষ হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যাবেন নন্দন-২ প্রেক্ষাগৃহে। সেখানে পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘লক্ষ্মী এল ঘরে’-র বিশেষ প্রদর্শন রয়েছে। সেই প্রদর্শনীতেও উপস্থিত থাকার কথা অভিষেকের।

আরও পড়ুনঃ হাইকোর্টে ইডি-তৃণমূল শুনানিতে রাশ টানল আদালত, কোর্টরুমে প্রবেশ নিয়ে জারি হল কড়া নির্দেশিকা
সাধারণত এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) খুব একটা দেখা যায় না। তবে সাম্প্রতিক সময়ে তাঁর নানা কর্মকাণ্ডে স্পষ্ট, তিনি ধীরে ধীরে ছক ভাঙছেন। পুজোর সময় কন্যাকে সঙ্গে নিয়ে প্যান্ডেল পরিদর্শন, কলকাতার একটি ফিটনেস অনুষ্ঠানে টানা ৩০টি ডন বৈঠক, সব মিলিয়ে তাঁর কর্মসূচিতে বদলের ইঙ্গিত স্পষ্ট। বুধবার নন্দনে উপস্থিতিও তারই আরেকটি উদাহরণ।












