বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আবহে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুলিশের নোটিশের বিরুদ্ধে করা মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, এই মুহূর্তে মামলার দ্রুত শুনানি সম্ভব নয়।
হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক | (Abhishek Banerjee)
মঙ্গলবারের শুনানিতে তৃণমূল সাংসদ অভিযোগ করেন, তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নানা গোপনীয় তথ্য ও পুলিশি তদন্তের নানা বিষয় বারবার সংবাদমাধ্যমে লিক হয়ে যাচ্ছে। এই প্রকারের মিডিয়া ট্রায়াল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অবিলম্বে আইনি সুরক্ষার আবেদন জানান তিনি। তবে তা সত্ত্বেও এই মুহূর্তে জরুরি শুনানির আবেদন গ্রহণ করেননি বিচারপতি ভট্টাচার্য।
আরও পড়ুনঃ পঞ্চমী না ষষ্ঠী, কবে ৩৮% DA ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে, জানালেন মুখ্যমন্ত্রী
এদিকে আগেই এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। এরপর হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রধান বিচারপতির নির্দেশ মতোই বিচারপতি ভট্টাচার্যের এজলাসে মামলাটি দায়ের করার অনুমতি পাওয়া যায়।
সম্প্রতি ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কলকাতা পুরসভা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই সেই ঘটনায় তিনটি এফআইআর রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
সেই ক্যামাক স্ট্রিটের ঘটনাতেই রবিবার তৃণমূল সাংসদের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছিলেন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা। সোমবার সকালে তাঁকে তলব করা হয়েছিল।

তবে সেই তলব এড়িয়ে থানায় মেইল করে অভিষেক জানান, জিজ্ঞাসাবাদের আগে তাঁর অন্তত ৪৮ ঘণ্টা সময় দরকার। এরপর ফের সাংসদের বাড়ি যায় পুলিশ। আগামী বুধবার তাঁকে তলব করা হয়।
এবার সেই পুলিশের নোটিশের বিরুদ্ধে করা মামলাতেই হাইকোর্টে স্বস্তি পেলেন না অভিষেক। বিচারপতি ভট্টাচার্য নিজের পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে মামলার দ্রুত শুনানি সম্ভব নয়।














