‘পুষ্পা ধরা পড়েছে, যুবরাজও পার পাবেন না’,অভিষেককে নিয়ে বড় ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা

Published on:

Published on:

Agnimitra Pal gives a big hint about Abhishek Banerjee
Follow

বাংলা হান্ট ডেস্ক : বিধায়কদের সই জালিয়াতি মামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিআইডি। তবে নানা কারণ দেখিয়ে তিনি এখনও তদন্তকারীদের সামনে হাজির হননি। এবার তৃণমূল নেতাকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)।

অভিষেককে নিশানা মন্ত্রী অগ্নিমিত্রার (Agnimitra Pal)

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা দাবি করেন, তদন্ত থেকে দূরে সরে থাকার পরিবর্তে অভিষেকের উচিত সরাসরি সিআইডির প্রশ্নের জবাব দেওয়া। তাঁর কথায়, “এত বাঘের বাচ্চা হলে কেন পালিয়ে বেড়াচ্ছেন?” সই জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে অগ্নিমিত্রা বলেন, “তৃণমূল তো বহু চুরি করেছে। ১৫ বছর ধরে বাংলার মানুষ দেখলেন কত ধরনের চুরি হয়। কিন্তু, বিধায়কদের সই চুরি করা হয়, এটা আমরা নতুন দেখলাম। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি এসেছে সবার সামনে। যেখানে উনি বলছেন, শোভনদেববাবুকে বিধানসভার বিরোধী দলনেতা করার ব্যাপারে। তিনি সাংসদ হয়ে তো বিধায়কদের ব্যাপারে কথা বলতে পারেন না।”

তাঁর অভিযোগ, মামলার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা। সেই কারণেই তদন্তকারীরা অভিষেককে তলব করেছেন। এই প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রা আরও বলেন, “সিআইডি তাঁকে ডেকেছে। তিনি যদি মনে করেন, তাঁর শিষ্য পুষ্পার মতো পালিয়ে বেড়াবেন, গতকাল পুষ্পাকে যেমন ধরা হয়েছে নেপাল সীমান্ত থেকে, সেরকম যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলব, না এলে যে পার পেয়ে যাবেন, তা কিন্তু নয়। সুতরাং সই জাল করে থাকে কেউ বা আপনি চিঠিটি পাঠিয়ে থাকেন, সেটা কিন্তু, সিআইডিকে আপনাকে জানাতে হবে।”

Agnimitra Pal gives a big hint about Abhishek Banerjee

আরও পড়ুন : পাল্টে গেল দিঘার জগন্নাথ মন্দিরের নাম! নয়া নাম ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এখানেই থেমে না থেকে বিজেপি নেত্রী আরও কটাক্ষ করে বলেন, “আমি জানি না এত সাহস, এত বাঘের বাচ্চা, তাঁরা কেন পালিয়ে বেড়াচ্ছেন।” সই জালিয়াতি মামলাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই তীব্র হচ্ছে। তদন্তের অগ্রগতির পাশাপাশি এখন নজর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কবে সিআইডির সামনে হাজিরা দেন এবং এই বিতর্কে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, তার উপর।