বাংলাহান্ট ডেস্ক: বাংলার এই ছাত্রের সাফল্যের কাহিনি (Success Story) শুনলে চমকে উঠবেন আপনিও। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র বিশেষ প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল পূর্ব বর্ধমানের মেমারির এক কৃতি ছাত্র। মেমারির মেমরির ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র অহন মান্না নির্বাচিত হয়েছে মহাকাশ বিজ্ঞান বিষয়ক এই মর্যাদাপূর্ণ ক্যাম্পে। আগামী ১০ মে তাকে হায়দ্রাবাদ জাতীয় রিমোট সেন্সিং সেন্টার বা NRSC-তে যোগ দিতে হবে, যেখানে ২৩ মে পর্যন্ত চলবে তার প্রশিক্ষণ। এই সাফল্যে গোটা মেমারি জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।
অহন মান্নার অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)
অহনের পরিবার জানায়, ছোটবেলা থেকেই আকাশ, গ্রহ-নক্ষত্র এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে তার গভীর আগ্রহ ছিল। বই, ভিডিও এবং বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে সে নিজেকে প্রস্তুত করেছে। ভবিষ্যতে একজন বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে অহন। তার এই যাত্রাপথে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা সবসময় তাকে উৎসাহ ও দিকনির্দেশনা দিয়ে এসেছেন। অহনের বাবা-মা জানিয়েছেন, ছেলের এই অর্জন তাদের কাছে গর্বের মুহূর্ত এবং তার সাফল্যের পিছনে স্কুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: তাপদাহের পর স্বস্তি! বিকেলে কালবৈশাখী পূর্বাভাস, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া
এই বিশেষ শিবিরে নির্বাচিত হওয়া মোটেও সহজ ছিল না। একাধিক কঠিন অনলাইন পরীক্ষার ধাপ পেরিয়ে তবেই মূল প্রশিক্ষণের জন্য নির্বাচিত হতে হয়েছে অহনকে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশ থেকে প্রায় চার লক্ষের বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে মাত্র ০.০০১১৪ শতাংশ কৃতী ছাত্রছাত্রীই শেষ পর্যন্ত সুযোগ পায়। ১৩ এপ্রিল ফল প্রকাশের পর দেখা যায়, সেই বিরল তালিকায় জায়গা করে নিয়েছে মেমারির এই ছাত্র।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কান্তি নন্দী এই নিয়ে বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করা এবং তাদের সঠিকভাবে পথ দেখানোই তাঁদের প্রধান লক্ষ্য। গত কয়েক বছরে বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রী এই ধরনের জাতীয় স্তরের প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে, যা প্রতিষ্ঠানের সাফল্যের ধারাকে আরও শক্তিশালী করেছে। অহনের সাফল্য বিদ্যালয়ের জন্য নতুন গৌরব বয়ে এনেছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে অভাবনীয় আবিষ্কার! ভারতীয় বিজ্ঞানীরা যা খুঁজে পেলেন… জানলে চমকে যাবেন
আগামী মে মাসে হায়দ্রাবাদে শুরু হতে চলা এই প্রশিক্ষণ শিবির অহনের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। মহাকাশ গবেষণার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে সে আরও সমৃদ্ধ হবে। এখন মেমারিবাসীর নজর তার ভবিষ্যৎ সাফল্যের (Success Story) দিকে, আর অনেকেই আশা করছেন, একদিন এই তরুণই দেশের মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।












