বাংলাহান্ট ডেস্ক: কর্মীদের ফিটনেস নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India)। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১ মে ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে নতুন স্বাস্থ্য ও ফিটনেস নীতি। এই নীতিতে কেবিন ক্রুদের শারীরিক সক্ষমতা ও ওজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হলে ডিউটি থেকে সরিয়ে দেওয়া থেকে শুরু করে কঠোর প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
কেবিন ক্রুদের জন্য নয়া ফিটনেস নীতি এয়ার ইন্ডিয়ার (Air India)
নতুন নির্দেশিকা অনুযায়ী, কেবিন ক্রুদের জন্য নির্দিষ্ট ওজনসীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সীমা অতিক্রম করলেই বা শারীরিকভাবে অযোগ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীকে সঙ্গে সঙ্গেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। বারবার সতর্ক করার পরেও যদি ওজন কমানো না যায়, তবে বেতন কাটার মতো কড়া সিদ্ধান্তও নিতে পারে কর্তৃপক্ষ। এতে কর্মীদের উপর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: রয়েছে হিমবাহ ধসের পূর্বাভাস! পূর্ব সিকিমে জারি হল সতর্কতা
এই নীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল আকস্মিক স্বাস্থ্য পরীক্ষা। বিমানে ওঠার আগে, অবতরণের পরে বা প্রশিক্ষণ চলাকালীন যে কোনও সময় ওজন পরীক্ষা করা হতে পারে। উচ্চতা অনুযায়ী ওজনের ভারসাম্য ঠিক না থাকলে তাৎক্ষণিকভাবে ডিউটি বাতিল করা হতে পারে। বিশেষ করে যাঁদের বডি মাস ইনডেক্স বা BMI ৩০-এর বেশি, অর্থাৎ স্থূলতার পর্যায়ে পড়েন, তাঁদের জন্য নিয়ম আরও কঠোর করা হয়েছে।
এমন কর্মীদের ৩০ দিনের মধ্যে ওজন কমানোর লক্ষ্য দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই লক্ষ্য পূরণ না হলে প্রথমে সতর্কবার্তা দেওয়া হবে এবং পরবর্তীতে চাকরি হারানোর আশঙ্কাও থাকবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলার দক্ষতাও কঠোরভাবে যাচাই করা হবে। এই পরীক্ষায় পাশ করার সুযোগ থাকবে সর্বাধিক তিনবার। তিনবার ব্যর্থ হলে কেবিন ক্রু হিসেবে কাজ করার সুযোগ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুন: আমেরিকা পাকিস্তানে আক্রমণ করলে ভারতে পরমাণু হামলার ‘পরামর্শ’, অদ্ভুত দাবি প্রাক্তন পাক হাইকমিশনারের
তবে শুধু কড়াকড়ি নয়, কর্মীদের পাশে দাঁড়াতেও উদ্যোগী হয়েছে সংস্থা। WHO-এর নির্ধারিত BMI মানদণ্ড অনুসরণ করে এই নীতি তৈরি করা হয়েছে। কর্মীদের জন্য বিশেষ ডায়েট প্ল্যান, ব্যায়াম কর্মসূচি এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ব্যবস্থাও চালু করা হয়েছে। সংস্থার (Air India) মতে, কেবিন ক্রুরাই তাদের ব্র্যান্ডের মুখ, তাই তাঁদের ফিট এবং সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি।












