Durga Puja 2026 Live Updates

অশান্ত নন্দীগ্রাম, বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ শেখ সুফিয়ানের বিরুদ্ধে

Published on:

Published on:

Allegations against Sheikh Sufian for attack on BJP leader before Assembly Election
Follow

বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের (Assembly Election) প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তারই মধ্যে ফের অশান্তির খবর নন্দীগ্রাম (Nandigram) থেকে। গভীর রাতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুর অঞ্চলের নয়নান গ্রামে।

নির্বাচনের (Assembly Election) আগে অশান্ত নন্দীগ্রাম

অভিযোগ, গভীর রাতে তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সম্পাদক আব্বাস বেগের বাড়িতে আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা। বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। আব্বাস বেগের দাবি, তাঁর বাড়ির দরজার সামনে বোমা ফাটানো হয়। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা আরও দুটি তাজা বোমা ফেলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

আব্বাস বেগ সরাসরি তৃণমূল নেতা শেখ সুফিয়ান ও শামসুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিজেপি করার কারণে বেশ কিছুদিন ধরেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। সামাজিক বয়কটের ভয় দেখানো থেকে শুরু করে প্রকাশ্যে কটূক্তিও করা হয়েছে। সেই পরিস্থিতিরই পরিণতি এই হামলা বলে অভিযোগ তাঁর।

ঘটনার পর এনআইএ তদন্তের দাবি তুলেছে বিজেপি। তাদের বক্তব্য, ভোটের মুখে এমন বিস্ফোরক ঘটনা উদ্বেগজনক এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আব্বাস বেগের অভিযোগ, স্থানীয় পুলিশের ওপর তাঁদের আস্থা নেই। তাই নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। আব্বাস বেগকে কটাক্ষ করে তিনি বলেন, “এত ছোটখাটো লোককে নিয়ে মাথা ঘামানোর কোনও ইচ্ছা বা সময় আমার নেই।”

Allegations against Sheikh Sufian for attack on BJP leader before Assembly Election

আরও পড়ুন :কলেজ শিক্ষকদের ভোটকাজে টানতে গিয়ে বিপাকে কমিশন, হাইকোর্টে ধাক্কা

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে পুলিশবাহিনী। ভোটের আগে নন্দীগ্রামের পরিস্থিতি যে ক্রমশ সংবেদনশীল হয়ে উঠছে, তা এই ঘটনার মাধ্যমেই স্পষ্ট। এখন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।