বাংলাহান্ট ডেস্ক: নবরাত্রির প্রস্তুতি চলছে। মন্দিরে পুজোর আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন পুরোহিত ও ভক্তরা। তার মধ্যেই আচমকা বাইরে থেকে উড়ে এল ইট। পরপর ইটের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল স্বামীনারায়ণ মন্দিরের (Shree Swaminarayan Hindu Temple Vadtaldham) জানলার কাচ। শুক্রবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকার (America) ওহাইওতে। গ্রেটার ক্লিভল্যান্ড এলাকার রিচমন্ড হাইটসে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ বডতালধাম হিন্দু মন্দিরে এই হামলা হয়। স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ মন্দির লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ। সেই সময় মন্দিরের ভিতরে পুরোহিত ও বেশ কয়েকজন ভক্ত উপস্থিত ছিলেন।
আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে (Shree Swaminarayan Hindu Temple Vadtaldham) ফের হামলার অভিযোগ:
ঘটনায় মন্দিরের (Shree Swaminarayan Hindu Temple Vadtaldham) একাধিক জানলার কাচ ভেঙে যায় এবং ভবনের বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ও কোয়ালিশন অফ হিন্দুজ অফ নর্থ আমেরিকা। তবে এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি। HAF জানিয়েছে, ঘটনার নজরদারি ক্যামেরার ফুটেজ রয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। সংগঠনটি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহযোগিতা করছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলির কাছেও দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
এই ঘটনার পর হামলাকারীদের পরিচয় এবং উদ্দেশ্য নিয়েই এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজনের নাম প্রকাশ্যে আসেনি এবং হামলার পিছনে ধর্মীয় বিদ্বেষ কাজ করেছে কি না, সেটিও তদন্তকারীরা নিশ্চিত করেননি। HAF ঘটনাটিকে সম্ভাব্য ‘হেট ক্রাইম’ হিসেবে উল্লেখ করে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করার দাবি জানিয়েছে। সংস্থাটির তরফে এফবিআই এবং তাদের সিভিল রাইটস ডিভিশনকেও বিষয়টি জানানো হয়েছে। স্থানীয় পুলিশও সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা করছে।
#Breaking: This afternoon, in a fresh incident of Hinduphobia, the Shree Swaminarayan Hindu Temple Vadtaldham, in the greater Cleveland area, Ohio, was attacked and vandalized with bricks, shattering widows while priests and some devotees were inside.
This comes as Hindus in… pic.twitter.com/WW3KIl2XEe
— CoHNA (Coalition of Hindus of North America) (@CoHNAOfficial) October 2, 2026
আমেরিকার বিভিন্ন জায়গায় এর আগেও হিন্দু মন্দিরে ভাঙচুর ও বিদ্বেষমূলক বার্তা লেখার ঘটনা সামনে এসেছে। ফলে নতুন করে এই হামলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মধ্যে। অতীতে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়াতেও হিন্দু ধর্মীয় স্থানে হামলা বা ভাঙচুরের অভিযোগ উঠেছিল। তবে ওহাইওর সাম্প্রতিক ঘটনার সঙ্গে কোনও নির্দিষ্ট সংগঠন, বিশেষ করে খলিস্তানি গোষ্ঠীর যোগ রয়েছে—এমন কোনও প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। ফলে তদন্ত শেষ হওয়ার আগে হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।

আরও পড়ুন: উৎসবের মরসুমে চিনির পর্যাপ্ত জোগান নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত! মজুতের নিয়ম কড়া করল কেন্দ্র
ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন আমেরিকার হিন্দু সম্প্রদায় নবরাত্রি ও অক্টোবরের হিন্দু হেরিটেজ মাসকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। স্বাভাবিকভাবেই মন্দিরে এমন হামলা ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হিন্দু সংগঠনগুলির দাবি, ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই ধরনের ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন। আপাতত রিচমন্ড হাইটসের মন্দিরে (Shree Swaminarayan Hindu Temple Vadtaldham) হামলার ঘটনায় তদন্ত চলছে। কারা ইট ছুড়েছিল, কেনই বা এই মন্দিরকে নিশানা করা হয়েছিল—সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন তদন্তকারীরা।













