ইন্ডিয়া’য় যোগ দেওয়ার জল্পনার মাঝেই নতুন জোট গঠন বিজয়ের! নামকরণে বড় চমক

Published on:

Published on:

Amidst speculation about joining the 'INDIA' bloc, Thalapathy Vijay forms a new alliance!
Follow

বাংলাহান্ট ডেস্ক: তামিলনাড়ু (Tamil Nadu) বিধানসভা নির্বাচনে থলপতি বিজয়ের (Thalapathy Vijay) দলের সাফল্যের পর থেকেই জাতীয় রাজনীতিতে তাঁকে ঘিরে জল্পনা তুঙ্গে। বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম বা TVK যোগ দেবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। দিল্লিতে ইন্ডিয়া জোটের সাম্প্রতিক বৈঠকে TVK-কে আমন্ত্রণ জানানোর প্রস্তাব উঠেছিল বলেও খবর ছড়ায়। যদিও শেষ পর্যন্ত সেই আমন্ত্রণ বাস্তবায়িত হয়নি এবং সরকারি ভাবে এখনও ইন্ডিয়া জোটের শরিক নয় বিজয়ের দল। এর মধ্যেই তামিলনাড়ুতে নিজেদের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের কাঠামো ঘোষণা করলেন বিজয়। ফলে তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইন্ডিয়া’য় যোগ দেওয়ার জল্পনার মাঝেই নতুন জোট গঠন বিজয়ের (Thalapathy Vijay)!

চেন্নাইয়ে বুধবার বিজয়ের (Thalapathy Vijay) নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন জোটের নাম এবং সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা হয়েছে। TVK-র নেতৃত্বাধীন এই জোটের নাম দেওয়া হয়েছে ‘সেক্যুলার সোশাল জাস্টিস বিগট্রি অ্যালায়ান্স’, সংক্ষেপে SSJVA। জোটে মূলত তামিলনাড়ুর একাধিক ছোট ও আঞ্চলিক দলকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজয়ের পাশে রয়েছেন ভিসিকে প্রধান থল থিরুমাভালাভান, এমডিএমকে প্রধান ভাইকো এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের কে এম কাদের মহিউদ্দিনের মতো নেতারা। উল্লেখযোগ্য বিষয় হল, এই জোটে কংগ্রেসও রয়েছে। বৈঠকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রবীণ চক্রবর্তী এবং বিধানসভায় দলের নেতা টি কুথবার্ট উপস্থিত ছিলেন। বৈঠকে শুধু জোটের নাম নয়, তার সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কার্যপদ্ধতিও নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: সামনেই ব্রিকস ও পুতিন সফর! উদ্বোধনের পর ভারতের এই বিমানবন্দরে নামল প্রথম বিদেশি সামরিক বিমান

বিজয়ের এই পদক্ষেপের গুরুত্ব অবশ্য তামিলনাড়ুর গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও পড়ছে। কারণ কংগ্রেস দীর্ঘদিন ধরেই TVK-কে ইন্ডিয়া জোটের সঙ্গে নিয়ে চলার বিষয়ে আগ্রহী। কিন্তু এখনও পর্যন্ত সেই সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তার মধ্যেই বিজয়কে ঘিরে জাতীয় স্তরে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার আলোচনা বাড়ছে। সম্প্রতি একটি সমীক্ষায় প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় বিজয়ের তৃতীয় স্থানে থাকার দাবি সামনে আসার পর TVK-র তরফেও তাঁকে শুধু রাজ্যস্তরের নেতা হিসেবে নয়, সর্বভারতীয় রাজনৈতিক মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফলে ইন্ডিয়া জোটে যোগদানের প্রশ্নটি এখন নিছক জোটের অঙ্কে আটকে নেই; বিজয়ের নিজস্ব রাজনৈতিক অবস্থান নিয়েও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন—ইন্ডিয়া জোটে যোগ দিলে বিজয় কি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নেবেন, নাকি নিজের রাজনৈতিক পরিচয় ও নেতৃত্বের অবস্থান বজায় রাখতেই বেশি আগ্রহী? যদিও কংগ্রেস এই জল্পনাকে সেভাবে দেখছে না। হাত শিবিরের বক্তব্য, TVK শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটে যোগ দিতে পারে এবং রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে সমর্থনও করতে পারে। কংগ্রেসের যুক্তি, তামিলনাড়ুতে যে জোট তৈরি হয়েছে সেটি মূলত রাজ্যস্তরের নির্বাচনী সমীকরণ। এর সঙ্গে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের লড়াইকে এক করে দেখা উচিত নয়।

Amidst speculation about joining the 'INDIA' bloc, Thalapathy Vijay forms a new alliance!

আরও পড়ুন: মহালয়ায় ইডেনে মহাধামাকা! ১০ হাজার ঢাকের তালে পুজোর উদ্বোধন, চক্ষুদান করতে পারেন মোদী

এর উদাহরণ হিসেবে কংগ্রেস উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণের কথাও তুলে ধরছে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন PDA জোটে কংগ্রেস রয়েছে, আবার মহারাষ্ট্রে দলটি রয়েছে মহা বিকাশ আঘাড়ির সঙ্গে। কিন্তু একইসঙ্গে এই জোটগুলির শরিকরা জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের অংশ। কংগ্রেসের দাবি, তামিলনাড়ুতেও একই ধরনের সমীকরণ তৈরি হতে পারে। অর্থাৎ রাজ্যে বিজয়ের নেতৃত্বে SSJVA থাকলেও জাতীয় রাজনীতিতে TVK ইন্ডিয়া জোটের সঙ্গে থাকতে পারে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বিজয় (Thalapathy Vijay) কোন পথে হাঁটেন এবং তাঁর নতুন জোট তামিলনাড়ুর ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে।