বাংলাহান্ট ডেস্ক: কথায় আছে ‘অতি ভক্তি চোরের লক্ষণ’, ঠিক এমনই ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) এক মন্দিরে। উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলাতে মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে দানপাত্র ভেঙে টাকা ও দানের সামগ্রী চুরি করে পালিয়ে যায়। তবে ঘটনার সবচেয়ে অদ্ভুত দিক, চুরি করার আগে দেবীর সামনে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায় এক দুষ্কৃতীকে। পুরো ঘটনাটি ধরা পড়েছে মন্দিরের সিসিটিভি ক্যামেরায়।
উত্তরাখণ্ডের (Uttarakhand) মন্দিরে দুঃসাহসের চুরির ঘটনায় চাঞ্চল্য
পুলিশ সূত্রে খবর, এই চুরির ঘটনা ঘটেছে রুদ্রপুরের আতেরিয়া মাতার মন্দিরে। শুক্রবার সকালে মন্দিরের এক কর্মী এসে দেখেন দানপাত্রগুলির তালা ভাঙা এবং সেগুলি নির্দিষ্ট জায়গায় নেই। একটি দানপাত্র সম্পূর্ণ উধাও হয়ে যায়। ঘটনার খবর পেয়ে মন্দির কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানায় এবং তদন্ত শুরু হয়।
আরও পড়ুন: যুদ্ধের দামামার মাঝেই খাদ্য সঙ্কটের আশঙ্কা, গম উৎপাদনে বড় ধাক্কা পাকিস্তানে
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, মুখ ঢেকে দুই ব্যক্তি মন্দিরে প্রবেশ করেছিল। ফুটেজে দেখা যায়, তাদের মধ্যে একজন চুরি করার আগে দেবীর সামনে মাথা নত করে প্রার্থনা করছে। এরপর তারা একটি দানপাত্র নিয়ে পালিয়ে যায় এবং অন্য চারটি দানপাত্রের তালা ভেঙে সেখানকার টাকা ও দানের জিনিসপত্র নিয়ে যায়।
মন্দির কমিটির সহ-সভাপতি পঙ্কজ গৌর এবং ম্যানেজার অরবিন্দ শর্মা জানান, মোট পাঁচটি দানপাত্রের মধ্যে একটি দানপাত্র নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বাকি চারটির তালা ভেঙে নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী চুরি করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, সন্দেহভাজনদের একজন ঘটনার আগের দিন মন্দির চত্বরে ঘোরাফেরা করেছিল।

আরও পড়ুন: ‘এপস্টিন ফাইলস’ বিতর্কে জড়িয়েছিল নাম! অভ্যন্তরীণ তদন্তে হরদীপকে ‘ক্লিনচিট’ দিল কেন্দ্র
এলাকার পুলিশ আধিকারিক দৌলতরাম আর্য জানিয়েছেন, সিসিটিভিতে ধরা পড়া দুই ব্যক্তির মুখ ঢাকা থাকায় তাদের শনাক্ত করতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে। অন্যদিকে অভিযুক্তদের গ্রেপ্তারে সহায়ক তথ্য দিলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে মন্দির কমিটি। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।












