বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজোর (Durga Puja 2026) সূচনা ধুমধাম করে হয়েছে। মহালয়ায় ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আসতে পারেন বলে শোনা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিল হলেও পুজোয় রাজ্যে আসছেন তিনি।
বেলুড় মঠ ঘুরে কলকাতার কয়েকটি মণ্ডপে যাবেন শাহ | (Amit Shah)
এই বছর সপ্তমী দু’দিন পড়েছে। ১৭ অক্টোবর, প্রথম সপ্তমী সন্ধ্যায় আহমেদাবাদ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত ৮টা নাগাদ শহরে এসে পৌঁছবেন। প্রথম সপ্তমীর রাতে আলিপুরের ‘সৌজন্য’ অতিথিশালায় থাকার কথা শাহের। দ্বিতীয় সপ্তমীতে রয়েছে ঠাসা কর্মসূচি।
আরও পড়ুনঃ পুজো উদ্বোধনের সময় হেনস্থার শিকার মমতা! অভিযুক্ত আটক হলেও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
১৮ অক্টোবর, দ্বিতীয় সপ্তমীর দিন বেলুড় মঠ ঘুরে শহর কলকাতার বেশ কয়েকটি মণ্ডপে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতেও তাঁর যাওয়ার কথা আছে।
সূত্র মারফত জানা গিয়েছে, দ্বিতীয় সপ্তমীর সকালে সৌজন্য থেকে সোজা বেলুড় মঠ যাবেন শাহ। সেখানে বেশ অনেকটা সময় কাটানোর পর বালির দেশবন্ধু ক্লাবে যাবেন তিনি। ওই মণ্ডপ দেখে ফের অতিথিশালায় ফিরে যাবেন।
এরপর অতিথিশালা থেকে চেতলার উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ২৪ পল্লির মণ্ডপ ঘুরে শোভাবাজার রাজবাড়িতে যাবেন তিনি। সেখানে পুজো, আরতি দেখে শ্রীভূমি যাবেন। ওই মণ্ডপ দেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন শাহ। দ্বিতীয় সপ্তমীর রাতেই তাঁর দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা।

গত বছর পুজোর সময়ও রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়্যার ও সল্টলেকের ইজেডসিসিতে গিয়েছিলেন তিনি। তবে এবার আর এই দুই জায়গায় তাঁর যাওয়ার পরিকল্পনা নেই বলে খবর।
রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজোর জাঁকজমক করে সূচনা হয়েছে। মহালয়ায় ইডেন গার্ডেন্সে পুজোর সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার পুজোর মাঝেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামনে এল তাঁর আসার সূচি।














