বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বুধবার একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কারা এই প্রকল্পের টাকা পাবেন, কারা পাবেন না, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন তিনি। পাশাপাশি কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করার কথাও জানিয়েছেন। ফলে আরও বেশি সংখ্যক মহিলা অন্নপূর্ণার আওতায় আসতে পারবেন।
এই দুই ভাতা পেলেও মিলবে অন্নপূর্ণা যোজনা | (Annapurna Yojana)
বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জনকারী কোনও মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। বছরে পারিবারিক আয় ১২ লক্ষ টাকা হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। পাশাপাশি আবেদনকারীর বয়স ও জমির মালিকানার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ হলেই টাকা দেবে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ বৃহস্পতিতে খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা, আবহাওয়ার আপডেট
তবে কিছু ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার নিয়ম শিথিল করার কথা ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি জানান, যারা দিব্যাঙ্গ ভাতা পান, তাঁদের অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে। একইরকমভাবে পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী মহিলারাও দুই প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন।
এছাড়া মুখ্যমন্ত্রী জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সী যেসব মহিলা তিন হাজার টাকার কম ভাতা পান, তাঁদের শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি তিন কক্ষ বিশিষ্ট বাড়ির নিয়ম গ্রামীণ এলাকার ক্ষেত্রে শিথিল করা হচ্ছে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে যোগ্য উপভোক্তাদের আশ্বস্ত করে শুভেন্দু জানিয়েছেন, ১৭ অগস্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। জেলা ধরে ধরে অর্থ দফতর এই কাজ করবে বলে জানান তিনি।
জুন ও জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার প্রথম দুই কিস্তি দিয়েছে রাজ্য। অগস্টের টাকা ছাড়ার আগে আবেদনপত্র ঝাড়াই-বাছাই ও যাচাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়ায় যারা যোগ্য হিসাবে বিবেচিত হবেন, শুধুমাত্র তাঁদের অ্যাকাউন্টেই তিন হাজার টাকা করে পাঠাবে সরকার।













