বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পে আবেদন করা বহু মহিলা এখনও আগস্ট মাসের টাকা পাননি। কবে টাকা মিলবে, তা নিয়ে অনেকের মধ্যেই অপেক্ষা ছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। তবে সব আবেদনকারী একসঙ্গে টাকা পাবেন না। আবেদন জমা দেওয়ার সময় এবং যাচাই প্রক্রিয়ার উপর নির্ভর করবে কারা আগে টাকা পাবেন।
অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) : ১৭ আগস্ট থেকে টাকা পাঠানো শুরু
অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, তা নিয়ে বৃহস্পতিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত এই প্রকল্পে আবেদন নেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে সব আবেদনপত্র খতিয়ে দেখা হচ্ছে। আবেদনকারীদের দেওয়া তথ্য ঠিক আছে কি না এবং তাঁরা প্রকল্পের শর্ত পূরণ করছেন কি না, তা যাচাই করছেন সরকারি আধিকারিকরা। এই কাজ প্রায় শেষের দিকে বলেও জানান মুখ্যমন্ত্রী।
শুভেন্দু আরও বলেন, ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন এবং যাঁদের নথিতে কোনও সমস্যা নেই, তাঁরা ১৭ আগস্ট থেকেই টাকা পেতে শুরু করবেন। তাঁদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। তবে ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। কারণ, তাঁদের আবেদন যাচাইয়ের কাজ তখনও পুরোপুরি শেষ হবে না।
তিনি আরও জানান, আগামী ১০ আগস্ট একটি সাংবাদিক বৈঠকে প্রকল্পের (Annapurna Yojana) সব নিয়ম, যোগ্যতার মানদণ্ড এবং কারা এই সুবিধা পাবেন, তা বিস্তারিত জানানো হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মালতি রাভা রায়ও। সরকারের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত নিয়ম মেনেই এই প্রকল্প চালু করা হচ্ছে। ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলারাই এই আর্থিক সাহায্য পাবেন। যাচাই প্রক্রিয়ায় সব তথ্য সঠিক প্রমাণিত হলেই টাকা মিলবে। মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র এই মাসে ১৭ আগস্ট থেকে টাকা দেওয়া হবে। তবে সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সরকার বিষয়টির উপর নজর রাখছে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপও করা হবে।
এদিন তিনি নুর আলম ও মেহবুব নামে দু’জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন, তাঁরা এই প্রকল্প (Annapurna Yojana) নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। সাধারণ মানুষকে এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রসঙ্গও তোলেন শুভেন্দু। তাঁর দাবি, অতীতে ওই প্রকল্পে একাধিকবার টাকা দিতে দেরি হয়েছে এবং অনেক ক্ষেত্রে একসঙ্গে কয়েক মাসের টাকা দেওয়া হয়েছে। সেই সংক্রান্ত তথ্য সরকারের কাছে রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ ‘এভাবে আর কতদিন?’ আরজি কর মামলায় সিবিআইকে তুলোধোনা হাইকোর্টের
শেষে মুখ্যমন্ত্রী বলেন, জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইন ও অফলাইন, দুইভাবেই আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে জমা পড়া আবেদনগুলিও ধাপে ধাপে পোর্টালে তোলা হচ্ছে। সব আবেদন যাচাইয়ের কাজ দ্রুত শেষ করে যোগ্য মহিলাদের কাছে টাকা (Annapurna Yojana) পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।













