বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সরকারের আমলে জনগণের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছিল দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির। রাজ্যে পালাবদলের পরেও সেই সুবিধা থেকে বঞ্চিত হবে না সাধারণ মানুষ। আগামী ১৫ জুন, সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)। দুয়ারে সরকারের ধাঁচে রাজ্যের প্রত্যেকটি ব্লকে এই মেগা ক্যাম্প আয়োজিত হবে।
জনকল্যাণ শিবিরে কী কী পরিষেবা মিলবে? | (Janakalyan Shibir)
আগামী ১৫, ১৬ ও ১৭ জুন তথা সোম, মঙ্গল ও বুধবার জনকল্যাণ শিবির আয়োজন করতে চলেছে রাজ্যের নতুন সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এটিই বিজেপি সরকারের প্রথম জনসংযোগ বা আউটরিচ কর্মসূচি হতে চলেছে। এখানে জনগণ সরকারের ৫৫ ধরনের পরিষেবা পাবে বলে খবর।
আরও পড়ুনঃ আরও বাড়ল সকালে স্কুলের সময়সীমা! নয়া বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের
নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, তিনদিনের এই মেগা ক্যাম্পে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে। এখানে অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যুবশক্তি প্রকল্প, পিএম কিষাণ যোজনার মতো সরকারি প্রকল্পগুলিতে নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। সেই সঙ্গেই কেন্দ্র ও রাজ্য সরকারের চলমান প্রকল্পগুলি সম্বন্ধে সাধারণ মানুষকে আধিকারিকরা সাহায্য করবেন।
এছাড়াও জানা গিয়েছে, কারও ভোটার কার্ড, আধার কার্ড কিংবা অন্যান্য কোনও নথিতে যদি ভুল থাকে, তাহলে সেটাও এই শিবিরে ঠিক করার ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি কোনও সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হলে অথবা বহুদিন ধরে কোনও কাজ আটকে থাকলে, সেই বিষয়েও এই মেগা ক্যাম্পে এসে অভিযোগ জানাতে পারবে রাজ্যবাসী।

সব মিলিয়ে, রাজ্যবাসীর ‘দুয়ারে’ সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার থেকে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। এই বিশেষ ক্যাম্পে এক ছাদের তলায় সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাবে মানুষ। ফলে তাঁদের একাধিক জায়গায় ছোটাছুটি করতে হবে না।













