বাংলাহান্ট ডেস্ক: রেলওয়ে (Indian Railways) গ্রুপ ডি-তে প্রায় ২২ হাজার শূন্যপদে নিয়োগের আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফে জানানো হয়েছে, আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২১ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, এবার ৩১ জানুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে এবং তা চলবে আগামী ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। যোগ্য প্রার্থীরা এই সময়ের মধ্যেই সরকারি ওয়েবসাইট www.rrbapply.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
পিছিয়ে গেল রেলের (Indian Railway) গ্রুপ ডি-র আবেদনের দিনক্ষণ:
আরআরবি সূত্রে জানা গিয়েছে, আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে আধার সংক্রান্ত বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনলাইন আবেদনপত্র পূরণের সময় প্রার্থীদের প্রাথমিক তথ্য আধার কার্ডের সঙ্গে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। আধারের মাধ্যমে যাচাই সফল না হলে নিয়োগের প্রতিটি ধাপে অতিরিক্ত যাচাই-বাছাই করতে হবে, যার ফলে পুরো প্রক্রিয়ায় বিলম্ব ও জটিলতা তৈরি হতে পারে। তাই আধারে উল্লিখিত নাম ও জন্মতারিখ অবশ্যই মাধ্যমিক পাস সার্টিফিকেটে থাকা নাম ও জন্মতারিখের সঙ্গে পুরোপুরি মিলতে হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: গোটা বিশ্বকে চমকে দেবে ভারত! গভীর সমুদ্রের রহস্য জানতে ডুব দিতে প্রস্তুত Matysa 6000
এছাড়াও আবেদন জমা দেওয়ার আগে আধার কার্ডে সর্বশেষ ফটোগ্রাফ এবং বায়োমেট্রিক তথ্য, যেমন ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যান আপডেট করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ের দাবি, এতে আবেদন যাচাই প্রক্রিয়া দ্রুত এবং নির্ভুল হবে। আধার সংক্রান্ত এই নির্দেশ মানা না হলে প্রার্থীদের ভবিষ্যতে বিভিন্ন পর্যায়ে সমস্যার মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
নিয়োগ সংক্রান্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য রেলে ৯৯৩টি এবং দক্ষিণ-পূর্ব রেলে ১,১৯৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। সর্বাধিক শূন্যপদ রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগে, যেখানে মোট ১২,৫০০টি পদ অনুমোদিত হয়েছে। এর মধ্যে প্রায় ১১,০০০টি পদ ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী গ্রেড ৪-এর জন্য। পাশাপাশি ট্র্যাফিক পয়েন্টসম্যান বি পদে ৫,০০০ জন এবং সহকারী (তফসিলি উপজাতি) পদে প্রায় ১,৫০০ জনকে নিয়োগ করা হবে। এ ছাড়াও অন্যান্য বিভাগে একাধিক পদে কর্মী নেওয়া হবে।

আরও পড়ুন: বাংলাদেশে চরম অচলাবস্থা! আগে থেকে সাবধান হয়ে বড় নির্দেশ বিদেশমন্ত্রকের
এই নিয়োগের জন্য আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। ওবিসি প্রার্থীরা তিন বছর এবং তফসিলি জাতি ও তফসিলি জনজাতি প্রার্থীরা পাঁচ বছরের বয়সছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে এক ধাপের কম্পিউটার বেসড টেস্ট এবং তার পরে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের মাধ্যমে। সিবিটিতে মোট ১০০টি প্রশ্ন থাকবে, সময় ৯০ মিনিট। পরীক্ষায় ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কেটে নেওয়া হবে। সিবিটি ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে।












