রাতের বাস পরিষেবার পর কলকাতায় ফের শুরু হচ্ছে রাতের বাস পার্কিং! নির্দেশ পরিবহণমন্ত্রীর

Published on:

Published on:

Arjun Singh orders to resume night bus parking in Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যাত্রী সুবিধার কথা ভেবে কলকাতায় রাতের বাস পরিষেবা শুরুর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে পরিবহণ দফতর। এবার শহরে বেসরকারি বাসের রাত্রিকালীন পার্কিং (Night Bus Parking) সংক্রান্ত সমস্যা দূর করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। বাসমালিকদের স্বস্তি দিয়ে পুনরায় এই পরিষেবা চালুর নির্দেশ দিয়েছেন তিনি।

কলকাতায় ফের শুরু হচ্ছে রাতের বাস পার্কিং | (Night Bus Parking)

বুধবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী। এরপরেই কলকাতায় রাতের বাস পার্কিং তথা নাইট বাস পার্কিং পরিষেবা পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়। আগের মতো মাসে ৭০০ টাকা ফি বহাল রেখে এই পরিষেবা চালু করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কলকাতা ও সংলগ্ন এলাকার বহু বাসমালিক।

আরও পড়ুনঃ দূর হল লাখ লাখ মহিলার চিন্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

গত বুধবার বাস সিন্ডিকেটের একটি প্রতিনিধিদল অর্জুনের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের সমস্যার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে পরিবহণ দফতরের আধিকারিকদের ডেকে ফের এই পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাসমালিকরা আগের মতোই মাসে ৭০০ টাকা দিয়ে বৈধ সরকারি টোকেন সংগ্রহ করে রাতে রাস্তায় পার্কিং করতে পারবেন। বাসমালিক সংগঠনের অনুমান, এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন রাজ্যের রাজস্ব বাড়বে, তেমনই রোজকার পুলিশি হয়রানি এবং আর্থিক জরিমানা থেকে তাঁরা মুক্তি পাবেন। পুজোর আগেই এই পরিষেবা পুরোদমে কার্যকর হবে বলে আশা করছেন তাঁরা।

Night Bus Parking

এই বিষয়ে পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, রাজ্যের পরিবহণ ব্যবস্থা উন্নত করার সঙ্গেই দফতরের রাজস্ব বৃদ্ধি করতে আগ্রহী পরিবহণমন্ত্রী। ইতিমধ্যেই রাজস্ব বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। শহরে রাত্রিকালীন পার্কিং সমস্যার সমাধানের মাধ্যমে আরও রাজস্ব আদায়ের পথ সুগম হয়েছে। এর ফলে দফতরের রাজস্ব আরও বাড়বে বলে আমরা মনে করছি।

অন্যদিকে পরিবহণমন্ত্রীর এই সদর্থক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস। দীর্ঘদিন ধরে চলতে থাকা রাত্রিকালীন পার্কিং সংক্রান্ত এই সমস্যা সমাধানের জন্য বাসমালিক সংগঠনের তরফ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে।