বাংলা হান্ট ডেস্কঃ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার বড় নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি স্পষ্ট বলেছেন, অরূপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার হলে আদালতকে সেই বিষয়ে জানাতে হবে।
হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে অরূপ | (Aroop Biswas)
মেসিকাণ্ডে একাধিকবার হাজিরা এড়িয়েছিলেন অরূপ। অবশেষে গত ১৮ জুন বিধাননগর দক্ষিণ থানায় উপস্থিত হন। সেদিনই আলিপুর জাজেস কোর্টে বিক্ষোভের মুখেও পড়েন তিনি। অভিযোগ, আইনজীবীদের একাংশ তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়েন, চোর চোর স্লোগান দেন। সেই নিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী।
আরও পড়ুনঃ অন্নপূর্ণার ৩ হাজার টাকা আটকে গেছে? ফর্মে ভুল থাকলে এবারই সংশোধনের সুযোগ, জানাল সরকার
অরূপের অভিযোগ, তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় এবার তাঁকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, অরূপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার হলে আদালতকে সেই বিষয়ে জানাতে হবে।
প্রাক্তন মন্ত্রীর আইনজীবী কিশোর দত্ত প্রশ্ন করেন, পুলিশের সামনেই ডিম ছোঁড়া থেকে শুরু করে অভিযুক্তদের উপর আক্রমণ সব হচ্ছে। যারা গ্রেফতার হয়েছেন, কেন তাঁদের এভাবে মারা হচ্ছে?
একথা শুনে ধৃতদের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। তিনি বলেন, “কোমরে দড়ি পরিয়ে প্যারেডিংও বন্ধ হওয়া উচিত”।
হাইকোর্টের আরও নির্দেশ, অরূপের উপর হামলার যে ঘটনা ঘটেছে, তার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। আগামী ২৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।

এর আগে মেসিকাণ্ডেও অরূপকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। গত ১৭ জুন তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়। আদালত নির্দেশ দিয়েছিল, এই সময়ের মধ্যে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না। পাশাপাশি অরূপকে বলা হয়েছিল, আদালতের অনুমতি ছাড়া তিনি এলাকার বাইরে যেতে পারবেন না ও তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে।
এদিন ফের এক বড় নির্দেশ দিল হাইকোর্ট। আজ বিচারপতি ভট্টাচার্যের দেওয়া রক্ষাকবচের ফলে অরূপের স্বস্তি খানিকটা বাড়ল বলে মনে করছেন অনেকে।













