বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। তার আগে রাজ্যের রেশন (Ration) গ্রাহকদের জন্য বড় ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। তিনি বলেন, এবারের উৎসবের মরশুমে রেশনে বিনামূল্যে চিনি ও ময়দা দেওয়া হবে। কালীপুজো অবধি এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
রেশন গ্রাহকদের বড় সুখবর দিলেন খাদ্যমন্ত্রী | (Ashok Kirtania)
অশোক বলেন, দুর্গাপুজোর সময় নবরাত্রিও চলে। সেই সময় বিশেষত অবাঙালিরা নিরামিষ খাবার খান। বাঙালিরাও নাড়ু, নিমকির মতো নানা ধরণের খাবার বানান। সেই কারণে এই সময়টা চিনি ও ময়দার ব্যবহার অনেকটা বেড়ে যায়। সেদিকে নজর রেখেই খাদ্য দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পড়ুয়াশূন্য স্কুলে এবার ইয়ুথ এমপাওয়ারমেন্ট সেন্টার! বড় পরিকল্পনা রাজ্যের
খাদ্যমন্ত্রী বলেন, “আগামী উৎসবের মরশুমে কার্ডভিত্তিকভাবে রেশনে চিনি ও ময়দা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র দুর্গাপুজো নয়, কালীপুজো অবধি সরকারি রেশনে এই ছাড় পাওয়া যাবে।“
উৎসবের মরশুমে রেশনে বিনামূল্যে চিনি ও ময়দা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও কোন কার্ডে কতটা করে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। খাদ্যমন্ত্রী জানান, আগামী সপ্তাহে খাদ্য দফতরের বৈঠক হবে। এরপর কোন কার্ডের ভিত্তিতে কতটা করে চিনি ও ময়দা পাওয়া যাবে সেটা নিশ্চিত করে বলা যাবে।

অশোক বলেন, “এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোন কার্ডে কতটা করে চিনি ও ময়দা পাবেন উপভোক্তারা, সেটা আগামী সপ্তাহের বৈঠকে ঠিক হবে।“
উৎসবের মরশুম এলেই বাঙালির পেটপুজোর বহরও বাড়ে। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, দীপাবলির সময় বাড়ি বাড়ি বানানো হয় নাড়ু, নিমকির মতো নানা খাবার। সেকথা মাথায় রেখেই এবার রেশনে বিনামূল্যে চিনি ও ময়দা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। এই পদক্ষেপের ফলে আমজনতার খরচ কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।













