বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) চালু করতে চলেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্যের সব বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনাও করা হচ্ছে। এমনকি ভবিষ্যতে হাসপাতালের লাইসেন্স নবীকরণের ক্ষেত্রেও আয়ুষ্মান ভারতে যুক্ত থাকা বাধ্যতামূলক করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।
আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) নিয়ে বড় পরিকল্পনা
সরকারি সূত্রের দাবি, আগামী ৮ জুন কেন্দ্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) সই করতে পারে রাজ্য সরকার। তারপরই পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালুর কাজ শুরু হবে।একইসঙ্গে আগের সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে আয়ুষ্মান ভারতকে কীভাবে মিলিয়ে চালানো যায়, তা নিয়েও আলোচনা চলছে। প্রশাসনের দাবি, দুই প্রকল্পকে একসঙ্গে চালানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এক শীর্ষ সরকারি আধিকারিক জানিয়েছেন, রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়। সেই কারণেই বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকেও আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
লাইসেন্স নবীকরণেও থাকতে পারে নতুন শর্ত
সরকারি সূত্রের মতে, ভবিষ্যতে হাসপাতালগুলির ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স নবীকরণের সময় আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে অংশগ্রহণের বিষয়টি শর্ত হিসেবে যোগ করা হতে পারে। অর্থাৎ, প্রকল্পে না থাকলে লাইসেন্স নবীকরণে সমস্যা দেখা দিতে পারে।
নির্দেশিকার অপেক্ষায় হাসপাতালগুলি
রাজ্যের অনেক বেসরকারি হাসপাতাল এখনও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বিভিন্ন রাজ্যে পরিষেবা দেওয়া একাধিক হাসপাতাল গোষ্ঠী জানিয়েছে, তারা এখনও সব শাখায় আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে যুক্ত হয়নি। এক হাসপাতাল গোষ্ঠীর পূর্বাঞ্চলীয় কর্তা জানিয়েছেন, দিল্লি ও বেঙ্গালুরুতে কিছু বিশেষ চিকিৎসার ক্ষেত্রে তারা আয়ুষ্মান ভারত পরিষেবা দিচ্ছেন। তবে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্ত জানার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তাঁর কথায়, স্বাস্থ্য সাথী প্রকল্পে প্রায় সব ধরনের চিকিৎসা পরিষেবা দিতে হয়েছিল, কারণ সেটি ছিল সাধারণ মানুষের জন্য একটি সর্বজনীন প্রকল্প। সে সময় রাজ্য সরকারের তরফ থেকেও বিষয়টিতে বিশেষ জোর দেওয়া হয়েছিল।
শুরু হয়েছে নিবন্ধনের প্রক্রিয়া এরই মধ্যে কয়েকটি বেসরকারি হাসপাতাল আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রকল্পে অংশ নিতে হলে হাসপাতালগুলিকে একটি বিস্তারিত আবেদনপত্র জমা দিতে হবে। অনুমোদন মিললে হাসপাতালকে একটি ইউনিক আইডি দেওয়া হবে। এরপর চিকিৎসক ও নার্সদের তথ্য নথিভুক্ত করতে হবে। পাশাপাশি তাঁদের আধার নম্বরও প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে।

আরও পড়ুনঃ ৬০ বিধায়কের দাবির মাঝেই হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ছে রাজনৈতিক জল্পনা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, অন্তত প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান ভারত (Ayushman Bharat), দুটি প্রকল্পই একসঙ্গে চালানো হবে। ফলে নতুন প্রকল্প চালু হলেও আপাতত স্বাস্থ্য সাথীর সুবিধা বন্ধ হচ্ছে না।













