বাংলা হান্ট ডেস্কঃ আয়ুষ্মান কার্ড (Ayushman Card) তৈরির প্রক্রিয়া আরও সহজ করল কেন্দ্রীয় সরকার। এতদিন এই কার্ডের জন্য আবেদন বা বিভিন্ন পরিষেবা পেতে অনেককেই আলাদা করে সরকারি দফতর বা পরিষেবা কেন্দ্রে যেতে হত। এবার সেই ঝামেলা অনেকটাই কমতে চলেছে। নতুন ‘আয়ুষ্মান সারথি’ হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে বাড়িতে বসেই আয়ুষ্মান কার্ডের আবেদন, e-KYC, কার্ড ডাউনলোড-সহ একাধিক কাজ করা যাবে।
আয়ুষ্মান কার্ড (Ayushman Card) হোয়াটসঅ্যাপ পরিষেবা
ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) ‘আয়ুষ্মান সারথি’ নামে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করেছে। PM-JAY-এর ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত এই পরিষেবার মাধ্যমে দিনে ২৪ ঘণ্টাই বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই চ্যাটবট ব্যবহার করে উপভোক্তারা প্রথমেই নিজেদের যোগ্যতা যাচাই করতে পারবেন। যোগ্য হলে সেখান থেকেই আয়ুষ্মান কার্ডের (Ayushman Card) জন্য আবেদন করা যাবে। পাশাপাশি e-KYC সম্পূর্ণ করা, আধার লিঙ্ক করা এবং তৈরি হয়ে যাওয়া কার্ড ডাউনলোড করার সুবিধাও মিলবে।
শুধু তাই নয়, PM-JAY কার্ড লক বা আনলক করার সুবিধাও থাকবে এই পরিষেবায়। ৭০ বছর বা তার বেশি বয়সীদের জন্য বন্দনা কার্ড সংক্রান্ত পরিষেবাও পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে। এছাড়াও উপভোক্তারা নিজেদের মেডিক্যাল হিস্ট্রি দেখতে পারবেন। ওয়ালেট ব্যালেন্স চেক করা, কাছাকাছি তালিকাভুক্ত হাসপাতালের তথ্য খোঁজা, অভিযোগ জানানো এবং সেই অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধাও থাকবে। প্রয়োজনে অভিযোগ প্রত্যাহার করা, কল-ব্যাকের অনুরোধ জানানো এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মতামত জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই নতুন ব্যবস্থার ফলে পরিষেবা পেতে সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে। একইসঙ্গে দ্রুত পরিষেবা পাওয়া, স্বচ্ছতা বজায় রাখা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াও আরও কার্যকর হবে।
কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করবেন?
হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ুষ্মান কার্ড (Ayushman Card) তৈরি করার জন্য প্রথমে মোবাইলে 7290823838 নম্বরটি সেভ করতে হবে। তারপর ওই নম্বরে হোয়াটসঅ্যাপে ‘Hi’ লিখে পাঠাতে হবে। চ্যাটবটের দেওয়া অপশনগুলির মধ্যে ‘Create Ayushman Card’ বেছে নিতে হবে। এরপর মোবাইল নম্বর, আধার নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনায় বড় বদল! আশাকর্মী-সিভিক ভলান্টিয়ারদের জন্য এল নতুন সিদ্ধান্ত
OTP যাচাইয়ের মাধ্যমে e-KYC সম্পূর্ণ হলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে। সব তথ্য সফলভাবে যাচাই হয়ে গেলে আয়ুষ্মান কার্ড (Ayushman Card) তৈরি হয়ে যাবে। পরে একই চ্যাটবট ব্যবহার করেই কার্ড ডাউনলোড করা যাবে।

















