ফেরাতে হবে টাকা! বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কড়া নির্দেশ নবান্নের

Published on:

Published on:

Bangla Awas Yojana(4)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই শুরু হয়েছে কড়াকড়ি। বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি, কারচুপি রুখতে কড়া হাতে ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য সরকার। এবার নবান্নের (Nabanna) নজরে বাংলার বাড়ি (Bangla Awas Yojana)। সূত্রের খবর, কারচুপি করে যাঁরা সরকারি নিয়ম বাড়ি করে নিয়েছেন, এমন উপভোক্তাদের তালিকা তৈরি হচ্ছে জেলায় জেলায়। ইতিমধ্যেই প্রায় হাজার দশেক উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে বলেও সূত্রের খবর।

বাংলার বাড়ি নিয়ে কড়াকড়ি নয়া সরকারের | Bangla Awas Yojana

উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকার এনেছিল বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হত বাড়ি বানানোর উদ্দেশে। প্রথম কিস্তিতে ৬০ হাজার, আবার দ্বিতীয় কিস্তিতেও ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এবার যাঁরা এই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাঁদের সেই অর্থ ফেরত দিতে হবে সরকারকে। ইতিমধ্যেই এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন।

যাঁরা ‘বাংলার বাড়ি’ প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাঁদের তালিকা প্রস্তুত করার নির্দেশ এসেছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে চিঠি দিয়ে বলা জানিয়েছেন, অভিযোগ উঠেছে, নিয়ম ভেঙে বহু অযোগ্য উপভোক্তা অন্যায়ভাবে সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছে।

অভিযোগ রয়েছে, একজনের নামে একাধিক বাড়ি, পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি নেওয়া হয়েছে। এই সব কারণে সরকারের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি দিয়ে এও জানানো হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সুবিধাভোগীদের পুনরায় যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে।

যাচাই শেষে যাঁরা অযোগ্য বলে প্রমাণ হবেন, তাঁদের কাছ থেকে প্রকল্পের অর্থ অবিলম্বে ফেরত নেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সেই সকল উপভোক্তাদের কাছ থেকে উদ্ধার করা অর্থ নির্দিষ্ট ট্রেজারি হেড অফ অ্যাকাউন্টে (2216-03-002-001-70-01) টি.আর. ফর্ম-৭-এর মাধ্যমে জমা করার কথা বলা হয়েছে।

Bangla Awas Yojana

আরও পড়ুন: ‘বন্দে মাতরম’ না গাইলে মিলবে না সরকারি সুযোগ-সুবিধা? নন্দীগ্রাম থেকে যা বললেন মুখ্যমন্ত্রী

বলা হয়েছে, টাকা ফেরানোর পর পর সংশ্লিষ্ট ব্লককে রিকভারি মডিউলে সুবিধাভোগীর আইডির বিপরীতে আদায়ের পরিমাণ নথিভুক্ত করতে হবে। আপলোড করতে হবে টি.আর. ফর্ম-৭-এর কপি। যাচাই ও অর্থ উদ্ধারের কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্যও জেলাগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট জেলায় যথাযথ ও সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে বলে একটি প্রত্যয়নপত্রও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।