বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে সস্তায় ওষুধ পাওয়ার সুযোগ আরও বাড়তে চলেছে। রাজ্যে এখন ১,০০০-এর বেশি জন ঔষধি কেন্দ্র রয়েছে। এবার সরকারি হাসপাতালগুলিতে আরও ৪৬৯টি জন ঔষধি কেন্দ্র (Bengal Jan Aushadhi) খোলার কথা জানানো হয়েছে। এই দোকানগুলিতে ওষুধভেদে ব্র্যান্ডেড ওষুধের তুলনায় ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কম দামে ওষুধ পাওয়া যেতে পারে।
বাংলায় কোথায় কত জন ঔষধি কেন্দ্র (Bengal Jan Aushadhi)?
কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১,০১৪টি জন ঔষধি কেন্দ্র (Bengal Jan Aushadhi) রয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য এই তথ্য প্রকাশ করেছেন। সেই হিসাব অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি ২০৩টি জন ঔষধি কেন্দ্র রয়েছে। এর পরেই রয়েছে কলকাতা। শহরে মোট ১৬২টি জন ঔষধি কেন্দ্র রয়েছে। হাওড়া এবং হুগলি, দুই জেলাতেই রয়েছে ১০৩টি করে কেন্দ্র।
আরও ৪৬৯টি কেন্দ্র চালুর পরিকল্পনা
এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতেও আরও ৪৬৯টি জন ঔষধি কেন্দ্র (Bengal Jan Aushadhi) খোলার পরিকল্পনা রয়েছে। অমিত মালব্য জানিয়েছেন, এর ফলে রোগীরা কম দামে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন। তাঁর বক্তব্য, স্বাস্থ্য পরিষেবা মানুষের জন্য জরুরি বিষয়। তাই চিকিৎসা এবং ওষুধ সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা দরকার।
আয়ুষ্মান ভারত নিয়েও বড় পরিবর্তন
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও পরিবর্তন এসেছে। আগে রাজ্যে এই কেন্দ্রীয় প্রকল্প কার্যকর ছিল না। পরিবর্তনের পরে রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হয়েছে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় ১.৪ কোটি পরিবার বা প্রায় ৬ কোটি মানুষ থাকবেন। বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই অনেকে এই সুবিধা পেয়েছেন বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ অষ্টম বেতন কমিশনে ২৯ লক্ষ টাকা বেশি পাবেন সরকারি কর্মীরা! কীভাবে, দেখে নিন হিসেব
অন্যদিকে, আয়ুষ্মান ভারতের আওতায় না থাকা পরিবারগুলির জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় ৮০ লক্ষ পরিবারের সদস্যরা থাকবেন।













