বাংলা হান্ট ডেস্ক : সরকারি দপ্তরগুলিতে সময় মেনে সরকারি কর্মচারীদের (Government Employees) উপস্থিতি নিশ্চিত করতে এবার আরও কঠোর অবস্থান নিল রাজ্য সরকার (West Bengal Government)। কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং উপস্থিতি সংক্রান্ত অনিয়ম কমানোর লক্ষ্যেই নতুন নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যেই নবান্নে এই নিয়ম কার্যকর হয়েছে এবং ভবিষ্যতে রাজ্যের অন্যান্য দপ্তরেও তা চালু করা হবে।
সরকারি কর্মচারীদের(Government Employees) নতুন নির্দেশিকা রাজ্যের
নতুন নির্দেশিকায় অফিসে প্রবেশ ও প্রস্থানের সময়ের উপর বিশেষ নজরদারি চালানো হবে। সরকারের নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক কর্মীকে সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে উপস্থিতি নথিভুক্তিকরণ করতে হবে। কোনও কর্মী যদি ১০টা ১৫ মিনিট পেরিয়ে ১১টার মধ্যে দপ্তরে পৌঁছন, তাহলে তাঁর নামে লেট মার্ক নথিভুক্ত হবে। অন্যদিকে, ১১টার পর অফিসে এলে সংশ্লিষ্ট কর্মীকে উপস্থিত বলে ধরা হবে না এবং তাঁকে অনুপস্থিত হিসেবেই গণ্য করা হবে।
শুধু দেরিতে আসা নয়, নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল থেকে বেরোলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বিকেল সাড়ে পাঁচটার আগে কোনও কর্মী দপ্তর ছাড়তে পারবেন না। পাশাপাশি, সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যেই ফেস রিকগনিশন পদ্ধতির মাধ্যমে উপস্থিতি রেকর্ড করতে হবে।
নবান্নের জারি করা নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে, বারবার সময়ভঙ্গের ক্ষেত্রে ছুটির উপরও প্রভাব পড়বে। কোনও কর্মী তিনদিন দেরিতে এলে অথবা তিনদিন নির্ধারিত সময়ের আগে বেরিয়ে গেলে তার একটি করে সিএল কেটে নেওয়া হবে। বর্তমানে এই ব্যবস্থা নবান্নে চালু হলেও ধাপে ধাপে অন্যান্য সরকারি দপ্তরেও একই নিয়ম প্রযোজ্য হবে।

আরও পড়ুন : ‘বন্দে মাতরম’ না গাইলে মিলবে না সরকারি সুযোগ-সুবিধা? নন্দীগ্রাম থেকে যা বললেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কার্যালয়ে এই উপস্থিতি সংক্রান্ত বিধি কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে দপ্তরের প্রধানদের জন্য এই নিয়মে ব্যতিক্রম রাখা হয়েছে। প্রশাসনের মতে, সরকারি কাজে আরও দায়বদ্ধতা এবং সময়ানুবর্তিতা আনার উদ্দেশ্যেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে আগামী দিনে কর্মীদের উপস্থিতি ও কাজের ক্ষেত্রে নজরদারি আরও কঠোর হতে চলেছে।













