বাংলা হান্ট ডেস্ক : সরকারি চাকরি (Government Job) থেকে অবসর নেওয়ার পর অনেক অভিজ্ঞ কর্মীই ফের কাজের সুযোগের অপেক্ষায় থাকেন। সেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এবার নতুন কর্মসংস্থানের দরজা খুলল পশ্চিমবঙ্গ সরকার । প্রশাসনিক দফতরের শূন্যপদ পূরণ এবং অভিজ্ঞ কর্মীদের দক্ষতাকে কাজে লাগাতেই ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ বিভাগ বিশেষ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
সরকারি চাকরির (Government Job) নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট চারটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন সেই সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা, যাঁরা চাকরিরত অবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ-সি অথবা গ্রুপ-ডি বিভাগের অন্তর্ভুক্ত পদে কর্মরত ছিলেন। মূলত গ্রুপ-ডি স্তরের কাজের জন্যই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে উল্লেখ করা হয়েছে।
বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। আগামী ১ জুন, ২০২৬ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স ৬৪ বছর ৬ মাসের বেশি হওয়া চলবে না। নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নির্বাচিত কর্মীদের সম্পূর্ণ চুক্তিভিত্তিক ব্যবস্থায় প্রাথমিকভাবে ৬ মাসের জন্য নিয়োগ করা হবে। তবে সংশ্লিষ্ট দফতরের প্রয়োজন এবং কর্মীদের কাজের মূল্যায়নের ভিত্তিতে চুক্তির মেয়াদ পরবর্তীতে বাড়ানো হতে পারে। আবার প্রয়োজনে এক মাসের নোটিস দিয়েও এই চুক্তি বাতিল করার অধিকার থাকবে দফতরের হাতে।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, নির্বাচিত কর্মীদের প্রতি মাসে ৮ হাজার টাকা করে নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হবে। তাঁদের উপর ন্যস্ত থাকবে গ্রুপ-ডি কর্মীদের সাধারণ প্রশাসনিক দায়িত্ব। প্রয়োজন অনুসারে ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ-এর সদর দফতর অথবা বিভাগের অধীনস্থ অন্য কোনও অফিসে পোস্টিং দেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন : কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন দিন মিলবে পরিষেবা? জুনের সময়সূচি জেনে নিন বিস্তারিত
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২ জুন, ২০২৬ বিকেল ৪টে পর্যন্ত। এরপর আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নিয়ে একটি নির্দিষ্ট ‘সিলেকশন কমিটি’ সাক্ষাৎকার গ্রহণ করবে। ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর এবং যোগ্যতার ভিত্তিতেই হবে চূড়ান্ত নিয়োগ। দীর্ঘদিন প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকা অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে সরকারি দফতরও অভিজ্ঞ জনবল পেলে পরিষেবার কাজে আরও গতি আনতে পারবে বলে মনে করা হচ্ছে।













