বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কিং কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং গ্রাহকরা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন সেক্ষেত্রে সবসময় সতর্ক থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI (Reserve Bank of India)। শুধু তাই নয়, সার্বিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপও গ্রহণ করে রিজার্ভ ব্যাঙ্ক। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রায়শই দেখা যায় যে, ব্যাঙ্কগুলি গ্রাহকদের ওপর তাঁদের প্রয়োজন ছাড়াই স্কিম চাপিয়ে দেয়। এই ‘মিস-সেলিং’ রোধ করতে, RBI কঠোর নিয়ম চালু করার সিদ্ধান্ত নিচ্ছে। বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রস্তাব করেছে যে ব্যাঙ্কগুলিকে সেইসব ‘পুরস্কার’ বা ‘ইনসেনটিভ’ এড়িয়ে চলতে হবে, যার মাধ্যমে গ্রাহকদের কাছে ভুলভাবে কোনও প্রোডাক্ট কিংবা সার্ভিস বিক্রি করা হয়।
বড় পদক্ষেপের পথে RBI (Reserve Bank of India):
মূলত, আর্থিক প্রতিষ্ঠানগুলির বিজ্ঞাপন থেকে শুরু করে বিপণন এবং বিক্রয়ের জন্য নতুন নিয়মের খসড়ায়, RBI জানিয়েছে যে, ব্যাঙ্কগুলি গ্রাহকদের সম্মতি ছাড়া তাদের সঙ্গে যোগাযোগ করবে না। এছাড়াও, কেবল অফিস চলাকালীন ফোন কল করা উচিত। যদি প্রমাণিত হয় যে, কোনও গ্রাহককে ভুলভাবে পণ্য বিক্রি করা হয়েছে, সেক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে গ্রাহকের প্রদত্ত সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে এবং গ্রাহকের যেকোনও ক্ষতির জন্য ক্ষতিপূরণও দিতে হবে।

দিতে হবে ক্ষতিপূরণ: RBI স্পষ্ট জানিয়েছে, ‘ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে হবে যে, তাদের নীতি ও পদ্ধতিগুলি যেন ভুল বিক্রির জন্য কোনও ইনসেনটিভ কাঠামো তৈরি না করে বা কর্মচারী/ডিএসএদের পণ্য/পরিষেবা বিক্রয়ের প্রচারে উৎসাহিত না করে। পাশাপাশি, এটিও বিশেষভাবে নিশ্চিত করতে হবে যে তৃতীয় পক্ষের পণ্য/ পরিষেবা বিপণন/বিক্রয়ের সঙ্গে জড়িত কর্মীদের তৃতীয় পক্ষের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও ইনটেনসিভ গ্রহণ করা উচিত নয়।
আরও পড়ুন: ‘আমি দেশের জন্যে…’, ২০২৭-এর ODI বিশ্বকাপে খেলার প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া রোহিতের, খুশি অনুরাগীরা
খসড়ায় আরও প্রস্তাব করা হয়েছে যে, কোনও ব্যাঙ্ককে তার নিজস্ব কোনও পণ্য বা পরিষেবার সঙ্গে কোনও তৃতীয় পক্ষের পণ্য বা পরিষেবার বিক্রয় একত্র করার অনুমতি দেওয়া উচিত নয়। বরং,
গ্রাহককে বিভিন্ন কোম্পানির বিকল্পগুলি থেকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। ভুল বিক্রি প্রমাণিত হলে, ব্যাঙ্কগুলিকে পণ্য বা পরিষেবা ক্রয়ের জন্য গ্রাহক কর্তৃক প্রদত্ত সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে এবং অনুমোদিত নীতি অনুসারে ভুল বিক্রির কারণে গ্রাহকের যেকোনও ক্ষতির জন্য ক্ষতিপূরণও প্রদান করতে হবে।
আরও পড়ুন: জ্বালানি নিয়ে আর নেই চিন্তা, এই দেশগুলি থেকে ভারতে আসছে বিপুল তেল, বড় পদক্ষেপ সরকারের
ডার্ক প্যাটার্নের ব্যবহার: RBI ব্যাঙ্কগুলিকে তাদের ব্যবহারকারীর ইন্টারফেসে কোনও ডার্ক প্যাটার্ন ব্যবহার না করার বিষয়টি নিশ্চিত করতে বলছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা ‘ মিস-সেলিং’ রোধে নিয়ম আনার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পর খসড়াটি প্রকাশ করা হয়েছে। খসড়াটির পরিপ্রেক্ষিতে মতামত দেওয়ার জন্য জনগণকে আগামী ৪ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।












