বাংলা হান্ট ডেস্ক : ভোট পর্ব (West Bengal Assembly Election) মিটতেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা—এবার কি চমক দেখাবে বাংলা? সেই আবহেই বড় মন্তব্য করলেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তাঁর দাবি, এই নির্বাচনে বামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং ফলাফল হতে পারে অপ্রত্যাশিত। যদিও এক্সিট পোলকে তিনি একেবারেই গুরুত্ব দিতে রাজি নন।
কী বললেন বিকাশরঞ্জন (Bikash Ranjan Bhattacharya) ?
সম্প্রতি TV9 বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্ময়কর ফলাফল হলে বিস্মিত হব না।” ভোট গ্রহণের পর তাঁকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে। এবারের ভোটের হার নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিপুল ভোটদান সাধারণ ঘটনা নয়, বরং দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোট দিতে না পারার ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তাঁর কথায়, “এই ভোটের হার আসলে কিছুই নয়, এতদিন শান্তিপূর্ণ ভোট না দিতে পারার বিরুদ্ধে একটা জেহাদ। তাই এত ভোটের হার। চূড়ান্ত দুর্নীতি ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে জেহাদ।”
নির্বাচনে বামেদের প্রভাব কতটা, সেই প্রসঙ্গে বিকাশরঞ্জনের সোজাসাপ্টা মন্তব্য, “বামেরা তো প্রথম থেকেই ফ্যাক্টর। অবশ্যই ফ্যাক্টর। প্রচারের সময়েই দেখা যাচ্ছিল। বিজেপি-তৃণমূল বাম বিনা অন্য কথা কেউ বলতেই পারছিলেন না। সবাই বামেদের ভোট চাইছিলেন। বাম নিয়ে ওরা সবাই চূড়ান্ত আতঙ্ক রয়েছে।” তাঁর মতে, এই নির্বাচনেই বামেদের গুরুত্ব স্পষ্টভাবে সামনে এসেছে।
সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই তিনি ইঙ্গিত দেন যে, ফলাফল নানা দিকেই যেতে পারে। “অনেক কিছু বিস্ময়কর ফলাফল আসতেই পারে। ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্ময়কর ফলাফল হলে বিস্মিত হবে না। জিতব বলেই মাঠে নামে।” তবে এক্সিট পোলে আস্থা রাখেন না তিনি। তাঁর ভাষায়, “এক্সিট পোল আসলে বাণিজ্যিক কৌশল।”

আরও পড়ুন :বকেয়া মামলায় স্বস্তির আশা, ১৩ জুন থেকে বসছে লোক আদালত
এর পাশাপাশি ভোট-পরবর্তী রাজনৈতিক সমীকরণ নিয়েও সতর্কবার্তা দিয়েছেন বিকাশরঞ্জন। তাঁর মতে, নির্বাচনের পর দলবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, “ইতিমধ্যেই তো দরজা খোলা রয়েছে, কে কার দিকে যাবে! এই কালচার তৃণমূল বিজেপির নতুন নয়।” ভোটের পর রাজ্যের রাজনীতিতে অনিশ্চয়তা ও উত্তেজনা দুটোই বজায় রয়েছে। এখন নজর, ভোটের ফলাফল ঘোষণায়।












