বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হতে এখনও অন্তত মাসখানেক দেরি। কিন্তু তার আগেই নির্বাচনী প্রস্তুতিতে গতি আনল বিজেপি (BJP)। শনিবার দলের রাজ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে ১১ সদস্যের সঙ্কল্পপত্র কমিটি ঘোষণা করল রাজ্য বিজেপি। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়কে।
করা করা রয়েছেন বিজেপির (BJP) এই সঙ্কল্পপত্র কমিটিতে?
বিজেপির (BJP) ঘোষিত এই কমিটিতে একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে রাখা হয়েছে। কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিধায়ক অশোক লাহিড়ী। সহ-আহ্বায়ক করা হয়েছে বিধায়ক অগ্নিমিত্রা পালকে। এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাংসদ মনোজ টিগ্গা, চিত্তরঞ্জন মণ্ডল, স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া, অমলকান্তি রায়, বৈশালী ডালমিয়া, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী দেবজিৎ সরকার।
উল্লেখযোগ্যভাবে, তৃণমূল থেকে আসা তাপস রায়কে সঙ্কল্পপত্র কমিটির চেয়ারম্যান করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তাপস তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে উত্তর কলকাতা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। যদিও জিততে পারেননি, তবুও সক্রিয়ভাবেই বিজেপির রাজনীতিতে যুক্ত রয়েছেন তাপস।
বিজেপি (BJP) নেতৃত্বের দাবি, গত দু’বছরে তাপস রায় দলের অনুশাসন মেনে একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসেবেই কাজ করেছেন। তিনি বিজেপির হয়ে লোকসভা নির্বাচন লড়েছেন এবং সম্প্রতি দলের রাজ্য কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছেন। বর্তমানে তিনি রাজ্য বিজেপির সহ-সভাপতি।

আরও পড়ুনঃ ২৭ জানুয়ারি হবে তোলপাড়! DA নিয়ে এবার ‘সাঁড়াশি চাপে’ রাজ্য সরকার
দলের তরফে জানানো হয়েছে, তাপস রায় অতীতে কোন দল থেকে এসেছেন, তা এখন আর গুরুত্বপূর্ণ নয়। তিনি বর্তমানে বিজেপির (BJP) রাজ্য সহ-সভাপতি এবং একজন অভিজ্ঞ রাজনীতিক, এই পরিচয়ই তাঁর কমিটির চেয়ারম্যান হওয়ার মূল কারণ। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের ইস্তাহার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

















