বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি (BJP)। খুব শীঘ্রই সেই অভিযোগের তালিকা প্রকাশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
তৃণমূল সরকারের বিরুদ্ধে BJP-র চার্জশিট প্রকাশ
দলীয় (BJP) সূত্রে খবর, আগামী ২৮ মার্চ আনুষ্ঠানিকভাবে ওই চার্জশিট প্রকাশ করা হবে, যেখানে গত কয়েক বছরে রাজ্যের শাসন নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরা হবে। এই চার্জশিট প্রকাশ করবেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ Amit Shah)। এই নথিকে অনেকেই ‘শ্বেতপত্র’ বলেও উল্লেখ করছেন।
আগের পরিকল্পনা
প্রথমে পরিকল্পনা ছিল আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার, তারপর চার্জশিট আনা হবে। কিন্তু শেষ মুহূর্তে সেই কৌশল বদল করেছে গেরুয়া শিবির (BJP)। এখন ঠিক হয়েছে, আগে অভিযোগপত্র প্রকাশ করা হবে, তারপর এপ্রিলের শুরুতে ইস্তেহার সামনে আনা হবে।
এদিকে তৃণমূল ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে দিয়েছে। ফলে পাল্টা লড়াইয়ে নামার আগে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে বিজেপি (BJP)। শুধু প্রকাশই নয়, এই চার্জশিট সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। দলের নেতা-কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে সেই নথি বিলি করবেন বলে জানা গিয়েছে।
চার্জশিটে কী থাকবে?
চার্জশিটে মূলত গত পনেরো বছরে রাজ্যের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরা হবে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, পাথর ও বালি পাচারের মতো বিষয়গুলিও এতে জায়গা পেতে পারে। এসব ঘটনায় তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতার নাম জড়ানোর প্রসঙ্গও উল্লেখ থাকবে বলে খবর। পাশাপাশি সরকারি কর্মচারীদের ডিএ না পাওয়া নিয়েও সরব হতে পারে বিজেপি (BJP)।

আরও পড়ুনঃ ‘এটা আসলে ছদ্মবেশী মামলা’, হাইকোর্টে বিস্ফোরক দাবি কমিশনের, কী নিয়ে?
অন্যদিকে, ভবিষ্যতের প্রতিশ্রুতিও থাকবে দলের ইস্তেহারে। রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারসহ বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা বাড়ানো, নতুন কর্মসংস্থান তৈরি, রাস্তা ও আলোসহ পরিকাঠামোর উন্নয়ন, এইসব বিষয় তুলে ধরা হতে পারে। এমন পরিস্থিতিতে রাজ্যে এসে ইতিমধ্যেই সংগঠন শক্ত করতে নেমেছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি দফায় দফায় বৈঠক করে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখছেন।












