বাংলা হান্ট ডেস্ক: খড়গপুরের (Kharagpur) সঙ্গে জুড়লো মাইক্রোসফটের নাম। কৃষক পুত্রের সাফল্য গর্বিত করল বাংলাকে। শুধু মেধা নয়, তার সঙ্গে সফল হওয়ার জন্য চাই অধ্যবসায় ও নিষ্ঠা আর সেই সঙ্গে দরকার পরিশ্রম। আর এগুলোকেই সম্বল করে বেড়ে ওঠা খড়গপুর বড়বাঁশি গ্রামের সুমন বেরা পেয়েছে তার স্বপ্নের চাকরির প্রস্তাব।
অভাব হার মানাতে পারেনি খড়গপুরের (Kharagpur) কিশোরকে
ছোটবেলা থেকেই মেধাবী এই ছেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দুটি বড় পরীক্ষাতেই নজর কাড়া সাফল্য পেয়েছে। তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে। আর্থিক পরিস্থিতি ভালো ছিল না। অষ্টম শ্রেণী থেকেই তিনি স্কলারশিপ নিয়ে পড়াশুনা চালাচ্ছিলেন। বাবার একবিঘা জমি ও অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া একতলা বাড়ি, এই ছিল তার সম্বল।
কিন্তু এবার স্বপ্নের উড়ান ডানা মেলেছে। তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম লিঙ্কডইনে এক কোটি প্যাকেজের চাকরির প্রস্তাব পেয়েছেন, যেটি মাইক্রোসফটের অধীন একটি পেশাদার নেটওয়ার্কিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সুমন বর্তমানে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি বলেন “আশা করিনি এত ভালো অফার পাব। সবকিছু ঠিক থাকলে এই বছরের জুলাই মাসে বেঙ্গালুরুতে চলে যাব।”
আরও পড়ুন:বিধানসভায় নয়া ভূমিকায় পার্থ চট্টোপাধ্যায়! কীসের দায়িত্ব পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?
তার বাবা অচল কুমার বেরা ও তার ছোড়দির টিউশন থেকে যা রোজগার হয়, তা দিয়েই চলে সংসার, আর এক দিদির বিয়ে হয়ে গেছে। বাড়িতে সুমন, তার মা বাবা ও তার ছোড়দি, এই নিয়েই চার জনের সংসার। বাবা অচল কুমার বেরা বলেন “ছেলে এত ভালো চাকরির অফার পেয়েছে তাতে আমরা খুবই খুশি। এবার হয়তো সংসারে একটু সুখের মুখ দেখবো।”
আরও পড়ুন:চিংড়িঘাটা জটে আটকে মেট্রো, এয়ারপোর্ট-নিউ গড়িয়া রুটে পরিষেবা চালুর দিনক্ষণ জানাল কর্তৃপক্ষ

এত বড় জায়গা থেকে কাজের সুযোগ পেয়েছে ছেলে তাতে স্বভাবতই খুব খুশি পরিবার। অন্যদিকে পাড়ার লোকজনও গর্বিত। পপড়আড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন বেরা বলেন, আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে ওকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পড়াশুনার পাশাপাশি প্রযুক্তি, কারিগরি চর্চায় খুব আগ্রহী সুমন। তিনি ২৪ সালের অক্টোবর মাসে একটি সংস্থা থেকে ইন্টার্নশিপ এর জন্য মনোনীত হয়েছিলেন। এরপর ব্যাঙ্গালুরুতে তিন মাসের জন্য তিনি ইন্টার্নশিপ করেন আর তারপরেই মাইক্রোসফটে চাকরির অফার, সব মিলিয়ে খুশির জোয়ারে ভাসছে পুরো পরিবার। সঙ্গে খুশী খড়গপুর দুই নম্বর ব্লকের পপড়আড়া গ্রাম পঞ্চায়েতের বড় বাঁশি গ্রামের সমস্ত মানুষজন, ঘরের ছেলের সাফল্যে তারাও উচ্ছ্বসিত।











