বাংলাহান্ট ডেস্ক : আবারও হাইকোর্টে (Calcutta High Court) উঠেছে আরজিকর হত্যার ঘটনা। অভয়ার পরিবারের তরফে খুনের ঘটনাস্থল ফের ঘুরে দেখার আবেদন জানানো হয়েছে। কিন্তু আরজিকরের ঘটনায় আবারও তদন্তের নির্দেশ কেন দেওয়া হবে? অভয়ার পরিবারের কাছে তার সন্তোষজনক ব্যাখ্যা চাইল বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টে (Calcutta High Court) আবারও আরজিকর মামলা
মঙ্গলবার এই মামলা ওঠে ডিভিশন বেঞ্চে। পরিবারের তরফে ঘটনাস্থল আবারও ঘুরে দেখার আবেদন করা হয়। যদিও সেখানে বহু তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সিবিআই সেমিনার হলকেই ঘটনাস্থল বলে চিহ্নিত করলেও অভয়ার পরিবারের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহ রায় দাবি করেন, সেমিনার হলের পাশে আরও একটি ঘর রয়েছে যেখানে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। এমনকি সাততলায় সন্দীপ ঘোষের রুমটির সঙ্গেও ঘটনার যোগ থাকতে পারে। সেই সমস্ত রুমই খোলা রয়েছে বলে অভিযোগ।

কী অভিযোগ অভয়ার পরিবারের: পরিবারের আইনজীবীরা দাবি করেন, তদন্তে অন্তত ৩৮ টি ত্রুটি তাঁরা খুঁজে পেয়েছেন। এই বিষয়গুলি সিবিআইয়ের তদন্তের সময় গুরুত্ব পেলে বিচারের ফল অন্যরকম হতে পারত বলেও জানান তাঁরা। তবে আদালতের (Calcutta High Court) তরফে জানানো হয়েছে, আপাতত ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন : আবেদন করলেও পাবেন না টাকা, কারা বাদ অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে?
কী জানাল সিবিআই: সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার এবং অমাজিৎ দে জানান, একজন ব্যক্তির দ্বারাই খুন সহ গোটা ঘটনা ঘটানো হয়েছে, তা দায়রা আদালত মেনে নিয়েছে। ওই রায় মান্যতা পেলে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়ার সুযোগ কোথায়? এরপর সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজা ভার্চুয়াল শুনানিতে যোগ দিয়ে বলেন, সেমিনার রুম থেকে দেহ পাওয়া গিয়েছিল। তাই ওই স্থানটি অকুস্থল বলে চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, সরকারি হাসপাতালের চিকিৎসকদের উপর কড়া নজর
আদালত এদিন জানায়, আপাতত দায়রা আদালতের রায় নিয়ে কোনও মন্তব্য করা হচ্ছে না। সওয়াল জবাবের পর বিবেচনা করা হবে। আগামী ২১ মে রয়েছে পরবর্তী শুনানি।













