বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) মূল ভবনের ছাদে দুর্গাপুজো (Durga Puja) করতে চেয়ে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের কাছে আবেদন জানিয়েছিল বার অ্যাসোসিয়েশন। এই বিষয়ে জনস্বার্থ মামলার আবেদনও করা হয়। শুক্রবার প্রধান বিচারপতি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ মামলার আবেদন খারিজ করে জানায়, “এটা জনস্বার্থ মামলার বিষয় হতে পারে না।“
হাইকোর্টের ছাদে দুর্গাপুজোয় ‘রেড সিগন্যাল’ | (Calcutta High Court)
আইনজীবী সঞ্জয় ঘোষ ওই জনস্বার্থ মামলাটি করেছিলেন। তাঁর দাবি ছিল, ভারতীয় সংবিধান অনুসারে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রেখে সব ধর্মের মানুষের ধর্মাচরণের সমান অধিকার আছে। তবে কলকাতা হাইকোর্টে ওই নিরপেক্ষতা বজায় থাকছে না।
আরও পড়ুনঃ নিউটাউনে আদানিদের হাসপাতালে মিলবে ফ্রি চিকিৎসা! কীভাবে পাবেন, কী কী লাগবে জানুন
কারণ ব্যাখ্যা করে আইনজীবীর যুক্তি, প্রত্যেক শুক্রবার করে একটি ধর্মীয় সম্প্রদায়কে হাইকোর্টের ছাদে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। সেই কারণে সংবিধানের রীতি অনুযায়ী উচ্চ আদালতের ছাদে একটি দুর্গাপুজো ও ভারতমাতার মন্দির করার অনুমতি দেওয়া হোক।
মামলার বিষয়বস্তু শুনে প্রধান বিচারপতি ঘুগে স্পষ্ট জানান, এটি কোনও জনস্বার্থ মামলার বিষয় হতে পারে না। বরং এটিকে কোনও এক শ্রেণির স্বার্থ সংক্রান্ত মামলা বলা যায়।
প্রধান বিচারপতি ঘুগে আরও বলেন, উচ্চ আদালতে যে সকল জনস্বার্থ মামলা হচ্ছে, তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, হয় সেটি ব্যক্তিগত কোনও স্বার্থ বা প্রচার পাওয়ার কৌশলে। ফলে এই আবেদনটিকে জনস্বার্থ মামলা হিসেবে প্রাধান্য দেওয়া হচ্ছে না ও আবেদনটি খারিজ করা হচ্ছে।

এদিকে যথেষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই কাঁড়ি কাঁড়ি জনস্বার্থ মামলা দায়ের হওয়া নিয়ে গত বুধবারই বিরক্তি প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, এই রকম তথ্যহীন মামলার কারণে জনস্বার্থের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এমনকি নিয়ম ভেঙে মামলা করলে এবার থেকে ১০ লক্ষ টাকা অবধি জরিমানা করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে আদালত।













