শ্রীরামপুরে মমতার সভায় গ্রিন সিগন্যাল! ১০০০ লোকের জমায়েত সহ আর কী কী শর্ত দিল হাইকোর্ট?

Published on:

Published on:

Calcutta High Court grants permission for Mamata Banerjee Serampore rally
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা ঘিরে বিস্তর টানাপড়েন হয়েছে। অবশেষে বৃহস্পতিবার সেই কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করতে পারবেন তৃণমূল নেত্রী। তবে কালীঘাট তৃণমূলকে মানতে হবে বেশ কিছু শর্ত।

মমতার সভায় গ্রিন সিগন্যাল হাইকোর্টের | (Calcutta High Court)

এদিনের শুনানি শেষে বিচারপতি ভট্টাচার্য জানান, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা অবধি শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করতে পারবেন মমতা। ১ হাজার লোক নিয়ে এই কর্মসূচি করা যাবে। তবে জিটি রোডে কোনও মিছিল হবে না। জিটি রোডে যান চলাচল যাতে স্তব্ধ না হয় সেটাও নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ DA চর্চার মাঝেই সরকারি কর্মীদের বেতন-পেনশন নিয়ে বড় আপডেট

এদিকে শ্রীরামপুরে মমতার এই সভার জন্য কালীঘাট তৃণমূলের তরফে ২ হাজার লোকের জমায়েত চাওয়া হয়েছিল। তাতে আপত্তি করে রাজ্য জানায়, শ্রীরামপুর কোর্ট ময়দান চত্বর অত্যন্ত সংকীর্ণ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পান। ফলে নিরাপত্তার জন্য সামনের কিছুটা জায়গা ছেড়ে রাখতে হয়। সেই অংশ ছেড়ে বাকি জায়গায় ২ হাজার লোকের জমায়েত হলে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

কালীঘাট তৃণমূলের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেন, রাজ্যের যুক্তি সঠিক নয়। সেখানে শ্রেয়া ঘোষালের একটি অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হয়েছিল। তবে দু’পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট জানায়, ১ হাজার লোক নিয়ে ওই কর্মসূচি করা যাবে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে একটি কর্মসূচির পরিকল্পনা করেছিল কালীঘাট তৃণমূল। সেখানে দলনেত্রী মমতার উপস্থিত থাকার কথা ছিল। তবে সেই কর্মসূচিতে পুলিশি অনুমতি ঘিরে জটিলতা সৃষ্টি হলে হাইকোর্ট অবধি জল গড়ায়। সেবারও বিচারপতি ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের তরফে শর্তসাপেক্ষে মাহেশের স্নানপিঁড়ি ময়দানে মমতাকে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল।

Calcutta High Court

এরপর ওই মাঠ সংলগ্ন জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ড সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। তাঁদের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, মাঠ কর্তৃপক্ষের আবেদন বিবেচনা করে একক বেঞ্চ নতুন করে সিদ্ধান্ত নেবে।

সেই মতো আজ মমতাকে শ্রীরামপুর কোর্ট ময়দানে মমতাকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে লোকসংখ্যা, সভার সময় সহ একাধিক শর্ত বেঁধে এই অনুমতি দিয়েছে আদালত।