বাংলা হান্ট ডেস্কঃ বিচ্ছেদের মামলায় সাধারণত ছোট সন্তানের দায়িত্ব মায়ের হাতেই তুলে দেয় আদালত। যুক্তি থাকে মায়ের অভাব শিশুর মনে গভীর দাগ কাটতে পারে। কিন্তু এবার একেবারে উল্টো পথে হাঁটল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। নিম্ন আদালতের রায় স্থগিত করে পাঁচ বছরের এক শিশুপুত্রের দায়িত্ব বাবার হাতে তুলে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
কী নিয়ে মামলা হাই কোর্টে (Calcutta High Court)?
বর্গ কুলমীর বাসিন্দা সজল ও মৌসূর (নাম অপরিবর্তিত)-এর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। দম্পতির পাঁচ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালে বিষয়টি আদালতে (Calcutta High Court) ওঠে। নিম্ন আদালত প্রথমে সন্তানের দায়িত্ব মায়ের হাতে তুলে দেয়। সেখানে যুক্তি দেওয়া হয়, মা উচ্চ শিক্ষিত ও পেশায় শিক্ষিকা। সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে মায়ের কাছেই। পাশাপাশি বলা হয়, ছোটবেলায় মা থেকে বিচ্ছিন্ন হলে শিশুমনে দাগ পড়তে পারে।
তবে সেই রায়কে চ্যালেঞ্জ করেন বাবা। তাঁর দাবি ছিল, আবেগ নয়, বাস্তব পরিস্থিতি বিবেচনা করা উচিত। সন্তানের দেখাশোনার জন্য তাঁর বাড়িতে গৃহশিক্ষক আছেন। ফলে পড়াশোনা বা লালনপালনে কোনও সমস্যা হবে না। এরপর মামলাটি ওঠে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্য নিম্ন আদালতের রায় স্থগিত করেন। আপাতত সন্তানের দায়িত্ব বাবার হাতেই থাকবে বলে নির্দেশ দেন আদালত।
তবে মাকে পুরোপুরি দূরে সরিয়ে দেওয়া হয়নি। হাই কোর্ট (Calcutta High Court) জানায়, প্রতি শনিবার মা সন্তানকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারবেন। রবিবার সন্ধ্যা সাতটার মধ্যে শিশুকে বাবার বাড়িতে ফিরিয়ে দিতে হবে। নির্দেশ অমান্য হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। আদালত আরও জানায়, বিষয়টি মীমাংসা কমিটির মাধ্যমে পুনর্বিবেচনা করা যেতে পারে। মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই উভয় পক্ষকে আলোচনার পথে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাংলা থেকে ৫ রাজ্যসভা আসনে ভোট ১৬ মার্চ! কারা শেষ করছেন মেয়াদ, কারা যাচ্ছেন দিল্লি?
বাবা-মায়ের বয়স তিরিশের কিছু বেশি। আদালতের (Calcutta High Court) পর্যবেক্ষণ, ইগোর লড়াই যেন সন্তানের ভবিষ্যৎকে প্রভাবিত না করে। নতুন নতুন অভিযোগ সামনে আনা হচ্ছে বলেও উল্লেখ করা হয় শুনানিতে। এই রায়ে সন্তানের হেফাজত সংক্রান্ত মামলায় এক নতুন দৃষ্টান্ত তৈরি হল বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ।












