বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের কসাইখানাগুলিতে সুপ্রিম কোর্টের দেওয়া নিয়ম ঠিকভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে এবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এক আইনজীবীর অভিযোগ, এখনও বহু জায়গায় কম বয়সী গবাদি পশু জবাই করা হচ্ছে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ বাংলায় কড়াভাবে কার্যকর করার দাবি জানানো হয়েছে আদালতে।
কসাইখানায় সুপ্রিম নির্দেশ কার্যকরের দাবিতে হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা
সোমবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়। মামলাকারী আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন এলাকায় এখনও কম বয়সী গবাদি পশু জবাইয়ের ঘটনা ঘটছে। প্রশাসনের নজর এড়িয়ে এই ধরনের বেআইনি কাজ চলছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
আবেদনকারীর বক্তব্য, দেশের অন্যান্য জায়গার মতো পশ্চিমবঙ্গেও সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে কার্যকর করা প্রয়োজন। সেই কারণেই আদালতের হস্তক্ষেপ চেয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
এদিন হাই কোর্ট (Calcutta High Court) মামলাটি গ্রহণ করলেও চূড়ান্ত শুনানি হয়নি। আদালতের তরফে জানানো হয়, সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ না বসায় নিয়ম অনুযায়ী মামলাটি রেগুলার বেঞ্চে পাঠানো হবে। সব ঠিক থাকলে মঙ্গলবারই এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় বন্ধ হতে পারে ‘দুয়ারে রেশন’, সুপ্রিম কোর্টে মামলায় বড় ইঙ্গিত
এদিকে, পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ কঠোরভাবে কার্যকর করতে নতুন বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য সরকার। ওই বিজ্ঞপ্তিতে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ২০১৮ সালের ৬ অগস্টের রায় এবং ২০২২ সালের ৮ জুনের সরকারি নির্দেশিকার উল্লেখ করা হয়েছে। প্রশাসনের দাবি, সেই নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে।













