বাংলা হান্ট ডেস্কঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। গত মে মাসে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। সোমবারও জামিন মামলায় স্বস্তি পেলেন না তিনি। এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জোর ধাক্কা খেয়েছেন সুজিত।
কলকাতা হাইকোর্টে যা হল… | (Calcutta High Court)
আজ বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সুজিত বসুর জামিন মামলা উঠেছিল। প্রাক্তন মন্ত্রীর হয়ে সওয়াল করেন অভিজ্ঞ আইনজীবী অভিষেক মনু সিংভি। অন্যদিকে ইডির তরফ থেকে সুজিতের জামিনের জোরালো বিরোধিতা করা হয়।
আরও পড়ুনঃ ‘আগামী ৬ মাসের মধ্যে পুরসভার ভোট’! ডেডলাইন বেঁধে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন সুজিতের আইনজীবী বলেন, “ইডি মামলা ২০২৩ সালের। প্রায় সাড়ে ৩ বছর ইডি তদন্তে ডাকেনি। আমার মক্কেল জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। চলতি বছরের মে মাসে তাঁকে দু’বার তলব করা হয়। দ্বিতীয় হাজিরা দিন তথা গত ১১ মে তাঁকে গ্রেফতার করা হয়। সুজিতের গ্রেফতারির বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে”।
অন্যদিকে ইডির তরফ থেকে সুজিতের জামিনের জোরালো বিরোধিতা করা হয়। কেন্দ্রীয় সংস্থার আইনজীবী ধীরজ ত্রিবেদী মামলা সংক্রান্ত জবাবদিহি দিতে সময় চেয়ে নেন। ২৯ জুনের মধ্যে ইডি-কে জবাবদিহি দিতে বলেছে হাইকোর্ট। আগামী ১ জুলাই মামলা পরবর্তী শুনানি হতে পারে। ফলে এদিনও জেলমুক্তি হল না রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রীর।

বিধানসভা ভোটের আবহে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফে একাধিকবার হাজিরার নোটিশ পেয়েছিলেন সুজিত। তবে ভোট প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন বলে সময় চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশ অনুযায়ী ভোট চলাকালীন ইডির হাজিরা এড়িয়েছিলেন তিনি। ভোট পর্ব সম্পন্ন হওয়ার পর এই মামলায় হাজিরা দেন। পরবর্তীতে গ্রেফতার হন।
সুজিতকে গ্রেফতার করার আগে তাঁর বাড়ি, অফিস ও তাঁদের মালিকানাধীন একটি ধাবায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। শেষমেষ ১১ মে গ্রেফতার হন। এবার জামিন মামলায় সোমবারও অন্তর্বর্তী জামিন পেলেন না প্রাক্তন মন্ত্রী। ফলে আপাতত জুলাইয়ের আগে তাঁর জেলমুক্তির সম্ভাবনা একপ্রকার নেই বলেই মনে করা হচ্ছে।













