সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি? এবার হাই কোর্টে DA নিয়ে বড় মামলা

Published on:

Published on:

Calcutta High Court Petition Over Dearness Allowance Case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানোর ঘোষণা হলেও বিতর্ক থামছে না। এবার ষষ্ঠ বেতন কমিশন ঘিরে নতুন করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রের সঙ্গে ডিএ-র ফারাক এবং সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না হওয়াকেই মূল ইস্যু করা হয়েছে এই মামলায়।

ডিএ (Dearness Allowance) নিয়ে নতুন মামলা কলকাতা হাই কোর্টে

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও কার্যকর হয়নি। এই পরিস্থিতিতেই ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত নতুন মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। ইউনিটি ফোরাম নামে একটি সংগঠন এই মামলা করেছে। বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে বিষয়টি ওঠে।

কী দাবি করা হয়েছে মামলায়?

মামলাকারীদের দাবি, ষষ্ঠ বেতন কমিশনের প্রথম কিস্তির টাকা অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স মেনে দেওয়া হোক। পাশাপাশি তারা উল্লেখ করেছেন, রাজ্যের কর্মীরা এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় প্রায় ৪০ শতাংশ ডিএ কম পাচ্ছেন।

মামলাকারীরা জানান, পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, ভবিষ্যতে ডিএ নির্ধারণ করতে হবে অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স মেনে। সেই নির্দেশ বাস্তবায়নের দাবিতেই নতুন করে এই মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ৬ এপ্রিল এই মামলার প্রথম শুনানি হতে পারে।

Calcutta High Court

আরও পড়ুনঃ ভোটার তালিকা থেকে নাম বাদ? সমাধানে ১৯ প্রাক্তন প্রধান বিচারপতির ট্রাইবুনাল গড়ল কমিশন

উল্লেখ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মার্চ মাস থেকেই বকেয়া ডিএ (Dearness Allowance) দেওয়া শুরু হবে। ২০০৯ সালের ROPA অনুযায়ী এই টাকা দেওয়ার কথা বলা হয়েছে। দীর্ঘদিন ধরেই ডিএ নিয়ে টানাপোড়েন চলছিল। এদিকে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ইস্তেহারে শুধু বকেয়া ডিএ মেটানো নয়, সপ্তম বেতন কমিশন চালুর কথাও বলা হয়েছে। অন্যদিকে, রাজ্যে প্রচারে এসে সপ্তম পে কমিশন চালুর প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহও। ফলে ডিএ ইস্যু ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক চাপ আরও বেড়েছে।