বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালতের মতে, শুধু কাউকে গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না। এই ধরনের ঘটনা আটকাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রুখতে গাইডলাইন তৈরির কথাও বলেছে আদালত।
ডিম ছোড়ার ঘটনা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট (Calcutta High Court)
মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়। জনপ্রতিনিধিদের উপর প্রকাশ্যে ডিম ছোড়ার ঘটনা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে আদালত (Calcutta High Court) রাজ্যের কাছে জানতে চায়, এ পর্যন্ত কতগুলি ঘটনা ঘটেছে এবং প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে।
শুনানির সময় বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, সমাজে সচেতনতা বাড়ানোও জরুরি। শুধু একজন বা দু’জনকে গ্রেফতার করলে এই প্রবণতা বন্ধ হবে না। তাই রাজ্যকে এ বিষয়ে স্পষ্ট পরিকল্পনা জানাতে বলা হয়েছে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ও বলেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এর জবাবে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, আইন নিজের হাতে তুলে না নেওয়ার বার্তা সরকার বারবার দিয়েছে। তবে কোনও অভিযোগ না পেলে ব্যবস্থা নেওয়া কঠিন।
শুনানির সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে। তাঁর দাবি, বিমানবন্দরের মতো সংবেদনশীল স্থানেও এই ধরনের হামলার অভিযোগ উঠেছে। তিনি আদালতের কাছে দ্রুত নির্দেশ দেওয়ার আবেদন জানান। এরপর আদালত রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। সেখানে ডিম ছোড়ার ঘটনা কতগুলি ঘটেছে এবং সেগুলিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য দিতে হবে।

আরও পড়ুনঃ মোদী মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা! ৬ মন্ত্রীর বিদায়, নতুন ৯ মুখের তালিকায় বাংলার নেত্রীর নাম
উল্লেখ্য, ভোট-পরবর্তী পরিস্থিতি দেখতে সোনারপুরে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম নিক্ষেপের মুখে পড়েছিলেন। এরপর রাজ্যের বিভিন্ন জায়গায় আরও কয়েকজন জনপ্রতিনিধি ও তৃণমূল নেতার বিরুদ্ধে একই ধরনের হামলার অভিযোগ সামনে আসে। সেই ঘটনাগুলিকেই সামনে রেখে এই জনস্বার্থ মামলা দায়ের (Calcutta High Court) করা হয়েছে।













