বাংলা হান্ট ডেস্কঃ হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে বা বাঁটুল দ্য গ্রেট, এই চরিত্রগুলো শুধু কমিকসের পাতা নয়, বহু বাঙালির শৈশবের স্মৃতি। এই সব চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর রেখে যাওয়া সৃষ্টি ঘিরেই এবার শুরু হল আইনি লড়াই। বইমেলার ঠিক আগে নারায়ণ দেবনাথের কমিকস প্রকাশ ও বিক্রি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।
কপিরাইট সংক্রান্ত মামলার শুনানি হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)
বাংলা চিত্রকাহিনীর কিংবদন্তি স্রষ্টা প্রয়াত নারায়ণ দেবনাথের কাজ ঘিরে কপিরাইট সংক্রান্ত মামলার শুনানি হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। এই মামলা দায়ের করেছিলেন তাঁরই পরিবার স্ত্রী ও পুত্র। অভিযোগের কেন্দ্রে রয়েছে কলকাতার এক নামী প্রকাশনা সংস্থা।
সূত্রের খবর অনুযায়ী, ২০১২ সালে ওই প্রকাশনা সংস্থার সঙ্গে নারায়ণ দেবনাথের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির ভিত্তিতে তাঁর তৈরি কমিকস প্রকাশ ও বিক্রির অনুমতি দেওয়া হয়। তবে চুক্তির মেয়াদ ছিল মাত্র দু’বছর। পরিবারের অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থা নারায়ণ দেবনাথের সৃষ্টি করা কমিকস নিজেদের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে গিয়েছে, যা সরাসরি কপিরাইট আইনের লঙ্ঘন।
এই অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত অভিযুক্ত প্রকাশনা সংস্থার উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে। নির্দেশে বলা হয়, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াত নারায়ণ দেবনাথের কোনও সাহিত্য বা শিল্পকর্ম ছাপানো, প্রকাশ করা বা বিক্রি করা যাবে না। বইমেলার ঠিক আগে এই নির্দেশ পেয়ে চরম সমস্যায় পড়ে প্রকাশনা সংস্থা। তারা নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়।
সম্প্রতি বিচারপতি সব্য়সাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানে প্রকাশনা সংস্থার তরফে তিনটি মূল যুক্তি পেশ করা হয়। সেগুলি হল –
- প্রথমত, আন্তর্জাতিক বইমেলার আগে এই নিষেধাজ্ঞা জারি হলে তাঁদের ভয়াবহ ব্যবসায়িক ক্ষতি হবে।
- দ্বিতীয়ত, চুক্তির মেয়াদ শেষ হলেও পরিবার দীর্ঘদিন কোনও আপত্তি তোলেনি, ফলে বইমেলার আগে মামলা করাটা উদ্দেশ্যপ্রণোদিত।
- তৃতীয়ত, নারায়ণ দেবনাথের উইলের চূড়ান্ত প্রোবেট এখনও হয়নি, তাই তার আগেই এই মামলা করা আইনসম্মত কি না, সে প্রশ্ন তোলা হয়।
সব পক্ষের বক্তব্য শোনার পর হাই কোর্ট (Calcutta High Court) নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখে। ডিভিশন বেঞ্চের জানায়, “বিচারকের নির্দেশের পর এই মামলায় বিকল্প কোনও নির্দেশ দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না।” হাইকোর্ট আরও স্পষ্টভাবে জানায়, “উইলের চূড়ান্ত প্রোবেট পাওয়ার আগেও সম্পত্তি সুরক্ষার স্বার্থে আইনি পদক্ষেপ নেওয়া যায়।” এছাড়া আদালত বলে, কপিরাইট লঙ্ঘন একটি নিরবচ্ছিন্ন অপরাধ, তাই আগে কেন মামলা করা হয়নি এই যুক্তি গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ স্কুলের ভুলে বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থীরা! শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের
নিম্ন আদালত সমস্ত তথ্য যাচাই করেই ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছিল বলে হাইকোর্টের মত। ফলে আপাতত নারায়ণ দেবনাথের সৃষ্ট কমিকস প্রকাশ ও বিক্রিতে আইনি ব্রেকই থাকছে, এমনটাই স্পষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।












